আক্রান্ত মায়ের 'মুক্ত' সন্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এইচআইভি আক্রান্ত মা। তাঁর গর্ভের সন্তানও এইচআইভি আক্রান্ত হয় কি না—এ নিয়ে ছিল যারপরনাই উদ্বেগ। চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে গত জুলাই মাসে তাঁর সন্তানের জন্ম হয়। পরীক্ষা করে দেখা যায় মা এইচআইভি আক্রান্ত হলেও সন্তান ‘মুক্ত’। সন্তানের শরীরে এইচআইভি সংক্রমণ নেই।
এ রকম একজন নন, সিলেটে আরেকজন মা মুক্ত সন্তান জন্ম দিয়েছেন। অপেক্ষায় রয়েছেন আরও পাঁচজন। গতকাল মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভায় যখন আনুষ্ঠানিক এ তথ্য প্রকাশ করা হয়, সেই দুই মায়ের মন থেকে চিরতরে দূর হয় উদ্বেগ।
এইচআইভি-এইডস চিকিৎসা কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মা এইচআইভি আক্রান্ত হলে সন্তানও এইচআইভি আক্রান্ত হয়—এ রকম ভ্রান্ত ধারণা সিলেটে প্রচলিত ছিল। সঠিক চিকিৎসা হলে এইচআইভি আক্রান্ত মায়ের গর্ভেও যে মুক্ত সন্তান জন্ম হতে পারে—চিকিৎসকদের এ কথার একটি দৃষ্টান্ত যেন স্থাপিত হয়েছে সিলেটে। এইচআইভি আক্রান্ত সাতজন গর্ভবতী নারীর মধ্যে দুজন সম্প্রতি সুস্থ সন্তান জন্ম দিয়েছেন। এ সফলতা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় এইডস-এসটিডি প্রোগ্রামের তত্ত্বাবধানে ও ইউনিসেফের সহায়তায় বাস্তবায়িত ‘পিএমটিসিটি’ (গর্ভবতী নারীদের বিনা মূল্যে এইচআইভি পরীক্ষা কার্যক্রম) প্রকল্পের।
গতকাল দুপুরে হাসপাতালের সেমিনার কক্ষে পিএমটিসিটি প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভায় এইচআইভি আক্রান্ত মায়ের গর্ভে এইচআইভিমুক্ত সন্তান জন্ম দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিক উপস্থাপন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুস ছবুর মিয়া। গত প্রায় এক বছর ধরে পরিচালিত প্রকল্পে এ ধরনের সফলতা সিলেটে প্রথম বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা।
মো. আবদুস ছবুর মিয়া বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় পিএমটিসিটি প্রকল্পের এ সফলতা। এ কার্যক্রম অব্যাহত থাকলে মা থেকে শিশুতে এইচআইভি সংক্রমণ অনেকাংশে হ্রাস করা সম্ভব। সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে মা থেকে শিশুর মধ্যে এইচআইভি সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব—পিএমটিসিটি প্রকল্পের মাধ্যমে এটিই প্রমাণিত হলো।’
পিএমটিসিটি প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সিলেটে গত বছরের আগস্ট থেকে এ প্রকল্পের কাজ শুরু হয়। শুরুতে এইচআইভি আক্রান্ত প্রায় পাঁচ মাসের গর্ভবতী এক নারীকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়। গত বছরের অক্টোবর মাসে তিনি সন্তান প্রসব করেন। তাঁর সন্তানের পরীক্ষা করে এইচআইভি সংক্রমণ পাওয়া যায়নি। গত জুলাই মাসে এইচআইভি আক্রান্ত দ্বিতীয় মা সন্তান প্রসব করেন। ওই সন্তানের পরীক্ষা করেও এইচআইভি সংক্রমণ পাওয়া যায়নি। এ দুই সফলতার পর আরও এইচআইভি আক্রান্ত পাঁচজন গর্ভবতী নারী তাঁদের চিকিৎসা নিচ্ছেন। ভবিষ্যতে তাঁরাও সুস্থ সন্তান প্রসব করবেন বলে চিকিৎসকেরা প্রথম আলোর কাছে এ আশাবাদ ব্যক্ত করেন।
এ সফলতায় গতকাল প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প-সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা ছাড়াও সিলেটের শহীদ শামছুদ্দিন আহমদ সদর হাসপাতাল, রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল, সিলেট ডায়বেটিক হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে প্রকল্পের ত্রৈমাসিক অগ্রগতি তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মো. মোতাহের হোসেন।
পিএমটিসিটি কার্যক্রমের সুফল আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরামর্শ দিয়ে বক্তব্য দেন হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মনোজ্জির আলী, গাইনি ও প্রসূতি বিভাগের সহযোগী অধ্যাপক কল্লোল বিজয় কর ও সহযোগী অধ্যাপক দিলীপ কুমার ভৌমিক।