আক্রান্ত শিশুদের দীর্ঘমেয়াদি জটিলতায় ভোগার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামে আক্রান্ত হয়ে ১০ শিশুর মৃত্যুর পর সীতাকুণ্ডের প্রায় ৪৬ হাজার শিশুকে শনিবার থেকে নতুন করে হামের টিকা দেওয়া হবে। যাতে হামের প্রাদুর্ভাব না হয় এবং দীর্ঘমেয়াদি জটিলতা এড়াতে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় স্বাস্থ্য বিভাগ এই কার্যক্রম হাতে নিয়েছে। ত্রিপুরাপাড়ার হামে আক্রান্ত শিশুরা দীর্ঘমেয়াদি জটিলতায় ভুগতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা।

সীতাকুণ্ড পৌরসভা, সোনাইছড়ি ও কুমিরা ইউনিয়নের ৬ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু এই টিকাদানের আওতায় থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী কোনো এলাকায় হামের মতো সংক্রামক ব্যাধির প্রাদুর্ভাব দেখা গেলে ওই এলাকার এক কিলোমিটার ব্যাসের সব শিশুকে নতুন করে টিকা দিতে হয়।

সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, আগামী শনিবার থেকে সীতাকুণ্ডের তিনটি এলাকায় টিকা কর্মসূচি শুরু হতে যাচ্ছে। ৬ মাস বয়স থেকে ১৫ বছর বয়সী প্রায় ৪৬ হাজার শিশু এই কর্মসূচির আওতায় থাকবে। টিকাকেন্দ্রের পাশাপাশি বিভিন্ন স্কুলে গিয়েও টিকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী এই টিকা কার্যক্রম পরিচালিত হবে। যারা আগে টিকা নিয়েছিল তাদেরও আবার টিকা নিতে হবে। সোনাইছড়ি, কুমিরা ও পৌরসভা এলাকায় হামের রোগী পাওয়া গিয়েছিল।

উল্লেখ্য, সীতাকুণ্ডের সোনাইছড়ি ত্রিপুরাপাড়ায় গত ১২ জুলাই পর্যন্ত নয় শিশু মারা যায়। এরপর গত ২৪ জুলাই দক্ষিণ সোনাইছড়ির বগুলাবাজারের ত্রিপুরাপল্লির অপর এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সরকারিভাবে প্রথমে এটিকে অজ্ঞাত রোগ বলা হলেও পরে স্বাস্থ্য অধিদপ্তর জানায় শিশুগুলো হামে আক্রান্ত ছিল।

১২ জুলাই থেকে ত্রিপুরাপাড়া, দক্ষিণ সোনাইছড়ির ত্রিপুরাপল্লি ও কুমিরার ত্রিপুরাপাড়া থেকে শতাধিক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। পৌরসভা এলাকার ত্রিপুরাপাড়ায়ও সোনাইছড়ি থেকে লোকজন যাতায়াত করেছে বলে সেখানেও টিকা দেওয়া হবে বলে সিভিল সার্জন জানান। সোনাইছড়ির দুটি ত্রিপুরাপাড়ার শিশুরা আগে টিকা পায়নি। এই কারণে ছয় স্বাস্থ্যকর্মীকে শাস্তিমূলক বদলিও করা হয়েছে।

বর্তমানে হাম আক্রান্ত ১৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ও ৪ জন ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ভর্তি রয়েছে। তাদের মধ্যে একজন নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) আছে।

এদিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের আশঙ্কা, সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়ার হাম আক্রান্ত শিশুরা সুস্থ হলেও তারা দীর্ঘমেয়াদি জটিলতায় ভুগতে পারে। তারা যক্ষ্মা, নিউমোনিয়া, ডায়রিয়া, ঘা, মস্তিষ্কের প্রদাহসহ নানা জটিল রোগে আক্রান্ত হতে পারে। এ জন্য তাদের পুষ্টি-ঘাটতি মেটানোর পাশাপাশি ভিটামিনযুক্ত খাবার ও টিকার ওপর জোর দিচ্ছেন তাঁরা। মারাত্মক অপুষ্টিতে ভোগার কারণেই শিশুগুলোকে হামে সহজেই কাবু করতে পেরেছে বলে তাঁদের অভিমত।

জানতে চাইলে চমেক শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক প্রণব কুমার চৌধুরী বলেন, হামে আক্রান্ত শিশুগুলো দীর্ঘমেয়াদি জটিলতায় ভোগার আশঙ্কা রয়েছে। তাদের যক্ষ্মা, ডায়রিয়া, মস্তিষ্কের প্রদাহসহ নানা সমস্যা দেখা দিতে পারে। দৃষ্টিশক্তির সমস্যাও দেখা দিতে পারে। এ জন্য তাদের পুষ্টিকর খাবারের পাশাপাশি টিকা, ভিটামিন এ খাওয়ানোর ব্যবস্থা করা দরকার। সুস্থ হয়ে যারা বাড়ি ফিরেছে তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

সুস্থ হয়ে ফিরে যাওয়া দু-একজন শিশুও নতুন করে জ্বরে আক্রান্ত হচ্ছে বলে জানা গেছে। সোনাইছড়ি ত্রিপুরাপাড়ার সর্দার সুজন ত্রিপুরা বলেন, ‘আমার তিন মেয়ে সুস্থ হয়ে তিন চার দিন আগে বাড়ি ফিরেছে। কিন্তু দুই দিন ধরে মেজটি (চম্পা) আবার জ্বরে আক্রান্ত হয়েছে। এখানে চিকিৎসক এসে ওষুধ দিয়ে গেছেন।’

কিছু কিছু সুস্থ শিশু জ্বর আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে সীতাকুণ্ডের উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এস এম নুরুল করিম বলেন, ‘হাসপাতাল থেকে লিখে দেওয়া ওষুধ না খাওয়ানোর ফলে তারা জ্বরে আক্রান্ত হচ্ছে। গতকাল (মঙ্গলবার) আমি ঘরে ঘরে গিয়ে ওষুধ খাইয়ে এসেছি।’