বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ আবার বলেছেন, জানমালের নিরাপত্তা দিতে গিয়ে আক্রান্ত হলে বিজিবি সদস্যরা অবশ্যই গুলি করবে। কারণ তাঁদের কাছে অস্ত্র ছাড়া আর কিছু নেই।
গতকাল রোববার বেলা ১১টার দিকে বিজিবি রংপুর অঞ্চলের নবনির্মিত কয়েকটি ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিজিবিপ্রধান।
আজিজ আহমেদ বলেন, চলমান অবরোধ ও হরতালে দেড় লক্ষাধিক যানবাহন মহাসড়ক দিয়ে পারাপারে সহায়তা দিয়েছে বিজিবি। শুধু গত শনিবার রাতেই প্রায় ৪৮ হাজার যানবাহন পারাপারে সহায়তা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘আমার সৈনিকেরা আক্রান্ত হলেই কেবল তাঁরা অস্ত্র ব্যবহার করে থাকেন। জনগণের জানমালের অধিকার রক্ষা করা আমাদের কাজ।’
আজিজ আহমেদ জানান, দেশকে অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণে বেসামরিক বাহিনীকে সহায়তা করতে দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবিকে সাংবিধানিকভাবে পাঁচটি দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত ১৫ জানুয়ারিও একই ধরনের মন্তব্য করেন বিজিবির মহাপরিচালক। রাজধানীর পিলখানায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিজিবির সবই লিথ্যাল (প্রাণঘাতী) অস্ত্র। বিজিবির সদস্যরা কাউকে গুলি করবে না। তবে কেউ আক্রমণ করলে জীবন বাঁচাতে গুলি করতে পারে। একজন ব্যক্তি যদি বোমা ফাটায়, তাহলে পাঁচজন লোক নিহত হতে পারে। এ দৃশ্য কোনো বিজিবি সদস্যের নজরে এলে ওই বোমা বহনকারীকে ক্যাজুয়ালটি (হতাহত) করা তাঁর দায়িত্ব।’ বিজিবির মহাপরিচালকের এ বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।