
স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন ‘আমরা কারও সঙ্গে কখনো কোনো যুদ্ধে লিপ্ত হতে চাই না। কিন্তু কেউ যদি আক্রমণ করে, তাহলে যেন তার সমুচিত জবাব দিতে পারি, সে প্রস্তুতি আমাদের থাকবে। সেদিকে লক্ষ রেখেই আমরা যা যা করণীয় তা করে যাচ্ছি।’
চট্টগ্রাম নৌ-জেটিতে গতকাল রোববার দেশে প্রথমবারের মতো দুটি ডুবোজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ডুবোজাহাজ দুটির নাম হলো ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে যাতে জনগণের সার্বিক উন্নতি করতে পারি। তবে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের যা যা প্রয়োজনীয় তা আমরা সংগ্রহ করব। কারণ, এগুলো হচ্ছে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।’ প্রধানমন্ত্রী এ সময় ডুবোজাহাজ দুটির দুজন কমান্ডিং অফিসারের হাতে সমুদ্রযাত্রার অনুমতিপত্র (কমিশনিং ফরমান) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। পরে কমিশনিংয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে চীন থেকে কেনা ডুবোজাহাজ দুটির নামফলক উন্মোচন করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এ দুটি সাবমেরিন (ডুবোজাহাজ) নৌবাহিনীতে যুক্ত হওয়ায় প্রতিরক্ষাব্যবস্থা জোরদারের ক্ষেত্রে বাংলাদেশ নজিরবিহীন সক্ষমতা অর্জন করল। এটি জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত সম্মান ও মর্যাদার বিষয়।’ তিনি আরও বলেন, বিশ্বের মাত্র কয়েকটি দেশ সাবমেরিন পরিচালনা করে থাকে। সেই তালিকায় আজ থেকে বাংলাদেশের নাম যুক্ত হলো। তিনি বলেন, বাংলাদেশ নৌবাহিনীকে একটি কার্যকর ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে ইতিমধ্যে বর্তমান সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে, যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়িত হবে।
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রশ্নে তাঁর ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ভূখণ্ড ব্যবহার করে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে অথবা দেশের ভেতরে কেউ যেন কোনো অশান্তি সৃষ্টি না করতে পারে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, সে জন্য দৃঢ়প্রতিজ্ঞ।’
শেখ হাসিনা বলেন, স্বাধীনতাযুদ্ধে অপারেশন জ্যাকপট পরিচালনার কেন্দ্রবিন্দুতে ছিলেন একদল প্রশিক্ষিত সাবমেরিনার। তাঁদের সফল অপারেশনের ফলে হানাদার পাকিস্তানি বাহিনীর সরবরাহ লাইন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং চূড়ান্ত বিজয় ত্বরান্বিত হয়।
এর আগে প্রধানমন্ত্রী চট্টগ্রাম নৌঘাঁটিতে পৌঁছালে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম নৌঘাঁটির কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. আবু আশরাফ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানায়। পরে তিনি নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস বঙ্গবন্ধু পরিদর্শন করেন এবং নৌ-কমান্ডোদের মহড়া দেখেন। প্রধানমন্ত্রী এ সময় ডুবোজাহাজ রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় সহায়তার জন্য স্থাপনার উদ্বোধন এবং বিএনএস শেখ হাসিনা নামে একটি পূর্ণাঙ্গ ডুবোজাহাজ ঘাঁটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ডুবোজাহাজ দুটি চীনের বন্দর থেকে গত ২২ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে আসে। এ দুটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৭ নটিক্যাল মাইল এবং ৭৬ মিটার লম্বা ডুবোজাহাজ দুটি ওজন ১ হাজার ৬০৯ টন করে। অত্যাধুনিক টর্পেডো ও মাইনসজ্জিত।
ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্বোধন

মান বজায় রেখে যথাসময়ে সব উন্নয়নকাজ শেষ করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, কাজে অবহেলার জন্য দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল বিকেলে চট্টগ্রাম বোট ক্লাবে এক অনুষ্ঠানে ‘শেখ হাসিনা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘কাজের দায়িত্বপ্রাপ্ত যিনিই হোন, মান বজায় রেখে নির্ধারিত সময়ে অবশ্যই কাজ শেষ করতে হবে...এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।’