আক্রান্ত ৪৫৫ মুরগি ও ১০২টি ডিম ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার রাফিদ পোলট্রি অ্যান্ড হ্যাচারির পর এবার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের জাহাঙ্গীর আলমের লেয়ার মুরগির খামারে বার্ড ফ্লু দেখা দিয়েছে। গত ২৯ আগস্ট রাতে বার্ড ফ্লুতে আক্রান্ত খামারের ৪৫৫টি মুরগি নিধন এবং ১০২টি ডিম ধ্বংস করা হয়েছে। প্রশাসনের সহযোগিতায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কোহিনূর ইসলামের নেতৃত্বে টাস্কফোর্সের সদস্যরা নিধনযজ্ঞে অংশ নেন।দামুড়হুদার মদনা গ্রামের জাহাঙ্গীর আলম আট বছর আগে তাঁর গ্রামে লেয়ার মুরগির খামারটি গড়ে তোলেন। সম্প্রতি খামারটিতে মড়ক দেখা দেয়। একে একে ২০টি মুরগির মারা যায়। অবস্থা বেগতিক দেখে স্থানীয় প্রাণিসম্পদ দপ্তরে যোগাযোগ করা হয়। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আ হ ম শামীমুজ্জামান গত ২৮ আগস্ট রোগাক্রান্ত মুরগির নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরীক্ষাগারে পাঠান। পরীক্ষা শেষে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রাণিস্বাস্থ্য ও প্রশাসন) মোছাদেক আলী পরের দিন বিকেলে চুয়াডাঙ্গায় ফ্যাক্স বার্তা পাঠিয়ে জানান, মদনা গ্রামের খামারটিতে মুরগির মড়কের জন্য বার্ড ফ্লু দায়ী। একই সঙ্গে খামারের সব মুরগি নিধন এবং ডিম ধ্বংসের জন্যও নির্দেশ দেওয়া হয় ওই বার্তায়। নির্দেশনা অনুযায়ী, গত সোমবার রাত সাড়ে নয়টা থেকে মুরগি নিধন ও ডিম ধ্বংসের কাজ শুরু হয় এবং টানা দুই ঘণ্টা তা চলে। এরপর সেগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।খামারের মালিক জাহাঙ্গীর আলম জানান, সপ্তাহখানেক আগে খামারটিতে মড়ক দেখা দেয়। এ জন্য তিনি চুয়াডাঙ্গার রাফিদ পোলট্রি অ্যান্ড হ্যাচারির কর্তৃপক্ষকে দায়ী করে বলেন, ‘রাফিদের মারা যাওয়া বিপুল পরিমাণ মুরগি মাথাভাঙ্গা নদীতে ফেলে দেওয়ায় নদীর পানি দূষিত হওয়ার পাশাপাশি তা খামারেও সংক্রমিত হয়েছে।’গত ২৭ আগস্ট চুয়াডাঙ্গার ভিমরুল্লায় অবস্থিত রাফিদ পোলট্র্রি অ্যান্ড হ্যাচারিতে বার্ড ফ্লুতে আক্রান্ত ২১ হাজার ৫৯০টি মুরগির বাচ্চা নিধন এবং আট হাজার ৫০৬টি ডিম ধ্বংস করে প্রাণিসম্পদ বিভাগ। এর আগে ওই খামারের লোকজন প্রায় ২০ হাজার মরা মুরগি বস্তাবন্দী করে মাথাভাঙ্গা নদীতে ফেলে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ-সংক্রান্ত একটি খবর গত ২৮ আগস্ট প্রথম আলোতে ছাপা হয়েছে।চুয়াডাঙ্গা পোলট্রি খামার মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান জানান, বার্ড ফ্লুর কারণে খামারিরা তাঁদের উৎপাদিত মুরগি নিয়ে বিপাকে পড়েছেন। খামারে উৎপাদিত মুরগি এবার ঈদের বাজারে তেমন বিক্রি হয়নি। এতে খামারের মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।