মেহেরপুরে দুরারোগ্য ডুসিনি মাসকুলার ডিসট্রোফি রোগে আক্রান্ত তিনজনের পাশে দাঁড়িয়েছেন সেখানকার চিকিৎসক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।
গতকাল রোববার মেহেরপুরের সিভিল সার্জন রাশেদা সুলতানার নেতৃত্বে চার সদস্যের একটি চিকিৎসক দল আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে যায়। তাঁরা তাদের খোঁজখবর নেন। জেলা প্রশাসক পরিমল সিংহ জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সেখানে যান।
সিভিল সার্জন বলেন, আক্রান্ত ব্যক্তিদের অনেক আগে থেকেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। তারপরও বিষয়টি সবার নজরে আসার পর আবার বাড়তি নজর দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, যেহেতু এই রোগের স্থায়ী কোনো প্রতিকার নেই, তাই তাদের মানসিকভাবে যতটুকু পারা যায় ততটুকু সহযোগিতা দেওয়া হচ্ছে। প্রতিদিন খোঁজ নেওয়ার জন্য তিন সদস্যের একটি চিকিৎসক দল গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক (ডিসি) পরিমল সিংহ বলেন, তোফাজ্জেল হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে আবেগের বশে তিনি আক্রান্তদের মৃত্যু চেয়ে আবেদন করেছিলেন। এখন তাদের সহায়তা দেওয়া হবে। এ ছাড়া আগে থেকেই দুজন প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও টাকা পেয়েছে।
মেহেরপুর পৌরসভার কাথুলী সড়কের বাসিন্দা তোফাজ্জেল হোসেনের দুই ছেলে ও এক নাতি ডুসিনি মাসকুলার ডিসট্রোফি রোগে আক্রান্ত। তাদের চিকিৎসা করাতে গিয়ে তোফাজ্জেল নিঃস্ব হয়ে পড়েন। কোনো উপায় না পেয়ে ওষুধের মাধ্যমে তাদের মেরে ফেলার অনুমতি অথবা তাদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার জন্য গত বৃহস্পতিবার ডিসির কাছে লিখিত আবেদন করেন তিনি।