ক্ষমতাসীন দলের নেতা ও প্রভাবশালী ব্যক্তিদের অনিয়ম, দুর্নীতিতে বাধা দিতেন তিনি। আর সেটাই কাল হলো তাঁর জন্য। দায়িত্ব গ্রহণের আট মাসের মাথায় বদলি হতে হয় তাঁকে। সর্বশেষ বঙ্গবন্ধুর ‘বিকৃত’ ছবি ছাপানোর কথিত অভিযোগে মানহানির মামলা হয় তাঁর বিরুদ্ধে।
বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমন মূলত রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে মনে করেন তাঁর সাবেক কর্মস্থল বরিশালের আগৈলঝাড়ার বিশিষ্টজন ও মুক্তিযোদ্ধারা। এ নিয়ে আগৈলঝাড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বিকৃত’ ছবি (পঞ্চম শ্রেণির এক শিশুর আঁকা ছবি) ছাপানোর অভিযোগে দায়ের করা এক মামলায় ইউএনও তারিক সালমনকে গত বুধবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ওই নির্দেশের দুই ঘণ্টা পর তাঁর জামিন মঞ্জুর করা হয়। এ ঘটনায় জনপ্রশাসনে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। মামলার বাদী বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়েদুল্লাহকে গত শুক্রবার দল থেকে সাময়িক বহিষ্কার করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
গত বুধবার তারিক সালমন তাঁর বিরুদ্ধে করা মানহানি মামলায় আদালত থেকে ২৩ জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। আজ রোববার তিনি পুনরায় বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের জন্য আবেদন করবেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬ সালের সেপ্টেম্বরে তারিক সালমন ইউএনও হিসেবে আগৈলঝাড়ায় যোগ দেন। যোগদানের পর বিভিন্ন পাবলিক পরীক্ষায় অনিয়ম, টিআর-কাবিখা প্রকল্পে দুর্নীতি রোধে ও ক্ষমতাসীন দলের সমর্থকদের সরকারি জমি দখলের ব্যাপারে কঠোর অবস্থান নেন।
আগৈলঝাড়ার স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছর এইচএসসি পরীক্ষা চলাকালে উপজেলা সদরের শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজছাত্র সংসদের সহসভাপতি ছাত্রলীগ নেতা রাজীব ঘটক ও তাঁর সহযোগী ছাত্রলীগ নেতা শাহীন খান মোটরসাইকেল নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন। তারিক সালমন তাঁদের বাধা দেন এবং দুই নেতাকে পরীক্ষাকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০০ টাকা জরিমানা করেন।
আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও বরিশাল বিএম কলেজের সাবেক শিক্ষক নীল কান্ত বেপারী বলেন, তারিক সালমনের ওপর স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ক্ষুব্ধ ছিলেন। কারণ, তিনি যেকোনো অনৈতিক কাজে বাধা দিতেন। চলতি বছর ডিগ্রি পরীক্ষা চলাকালে আগৈলঝাড়ায় ডিগ্রি পরীক্ষাকেন্দ্রে নকলের দায়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রইস সেরনিয়াবাতের ছেলেসহ চারজনকে বহিষ্কার করেন ইউএনও তারিক সালমন। পরে অসৌজন্যমূলক আচরণ করায় আওয়ামী লীগ নেতার ছেলেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন তিনি।
অবশ্য আবদুর রইস সেরনিয়াবাত বলেন, ‘ইউএনও সাহেব কর্তব্য পালন করেছেন। এ নিয়ে আমি কোনো দিন তাঁর কাছে জিজ্ঞাসা করিনি এবং তাঁর সঙ্গে আমার চমৎকার সম্পর্ক ছিল।’
আগৈলঝাড়ার একাধিক মুক্তিযোদ্ধা জানান, ইউএনওর বিরুদ্ধে মামলা হওয়ার আগে তাঁর বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি ‘বিকৃত’ করার প্রচারণা ও একাধিক স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তাঁরা এ ধরনের ষড়যন্ত্রমূলক প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন। সেই সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার তাহের মিয়া সভাপতিত্ব করেছিলেন। তাহের মিয়া প্রথম আলোকে বলেন, শিশুদের মধ্যে বঙ্গবন্ধুর চেতনা জাগ্রত করতে ও উৎসাহ দিতে দাওয়াতপত্রে ছবিটি ব্যবহার করা হয়। এতে খারাপ কোনো উদ্দেশ্য ছিল না।
তাঁরা জানান, আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত গত এপ্রিলের মাঝামাঝি আগৈলঝাড়া বাইপাস সড়কে সরকারি জমি দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ করেন। খবর পেয়ে তারিক সালমন তা উচ্ছেদের নির্দেশ দেন। তবে মিন্টু সেরনিয়াবাত গত শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমার নিজের জন্য নয়, ইজিবাইক সমিতির জন্য একটি ঘর তুলেছিলাম। ইউএনও সাহেব তা অপসারণ করতে বললে আমি ভেঙে নিই। এ নিয়ে ইউএনওর সঙ্গে কোনো রকম সম্পর্কের অবনতি হয়নি।’
আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের একটি সূত্র জানায়, টিআর-কাবিখা প্রকল্পের আওতায় ২০১৫-১৬ অর্থবছরে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের জন্য ৭৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় কয়েকটি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতারা নিজেরাই এসব অর্থ তুলে সৌরবিদ্যুতের প্যানেল কিনে সরবরাহ করার জন্য ইউএনওকে চাপ দেন। কিন্তু ইউএনও রাজি হননি। গত ডিসেম্বরে সেই টাকা সরকারি কোষাগারে ফেরত যায়। এ নিয়ে জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতারা ক্ষুব্ধ ছিলেন।
যোগাযোগ করা হলে গতকাল দুপুরে গাজী তারিক সালমন প্রথম আলোকে বলেন, ‘এসব কারণে আমার ওপর একটি প্রভাবশালী মহল ক্ষুব্ধ ছিল, এটা ঠিক। তবে মামলাকারীর সঙ্গে আমার কোনো বিরোধ ছিল না বা কোনো দিন দেখা-সাক্ষাৎ বা কথা হয়নি। আমার ধারণা, তাঁকে দিয়ে কেউ এই মামলা করিয়েছে।’
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আগৈলঝাড়া উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম বলেন, তারিক সালমন সঠিক ও নীতিমালা অনুসরণ করে কাজ করতেন, এটাই তাঁর জন্য কাল হয়েছে।
পুলিশ বলছে, নিন্দনীয়
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে বলেছে, ভিত্তিহীন অভিযোগে কর্মরত একজন ইউএনওর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের এবং পরে সংশ্লিষ্ট মহলগুলোর উদাসীনতার কারণে ওই কর্মকর্তাকে যে ভোগান্তির শিকার হতে হয়েছে, তা অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়।
তবে বিভিন্ন মহলের প্রশ্নের জবাবে সংগঠনটি বলেছে, এ বিষয়ে থানায় মামলা হয়নি এবং পুলিশ তারিককে গ্রেপ্তারও করেনি। প্রকৃত তথ্য হলো, কথিত অবমাননার অভিযোগে অভিযোগকারী আদালতে মামলাটি করেন এবং আদালত ইউএনওকে হাজিরের জন্য সমন জারি করেন। পুলিশ তারিক সালমনকে হাতকড়াও পরায়নি।
এদিকে ইউএনও তারিক সালমনের ঘটনা নিয়ে গতকালও রাজধানীর বিয়ামে বৈঠক করেছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। সেখানে তারিকের সঙ্গে যে ‘বেআইনি’ আচরণ করা হয়েছে, সে বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া এই ঘটনায় বরিশাল ও বরগুনার জেলা প্রশাসকের (ডিসি) ভূমিকা নিয়েও আলোচনা হয়। প্রশাসনের কর্মকর্তারা মনে করেন, তারিককে এই দুই ঊর্ধ্বতন কর্মকর্তা সুরক্ষা দিতে পারেননি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এই দুই ডিসিকে খুব শিগগির প্রত্যাহার করা হতে পারে।