আখ দেন না কৃষক, ১৫ কোটি টাকা লোকসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখের অভাবে শুক্রবার মধ্যরাতে চলতি মৌসুমের আখ মাড়াই বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কুষ্টিয়া চিনিকল। এতে প্রায় ১৫ কোটি টাকা লোকসানের আশঙ্কা করা হচ্ছে। চিনিকলের আওতাধীন এলাকায় এখনো প্রচুর পরিমাণ আখ থাকা সত্ত্বেও চাষিরা আখ দেন না। চিনিকল সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার ছয়টি উপজেলা ও মেহেরপুরের গাংনী উপজেলায় সাত হাজার ২০০ একর জমিতে এবার আখ চাষ হয়েছিল। যার উৎপাদনের পরিমাণ ছিল এক লাখ ৪০ হাজার টন। গত বছরের ৩০ নভেম্বর চিনিকলের আখ মাড়াই শুরু হয়। ১৩ জানুয়ারি বন্ধ হওয়ার আগ পর্যন্ত চাষিরা চিনিকলে মাত্র ৩৫ হাজার ৮৮০ টন আখ সরবরাহ করেন, যা দিয়ে দুই হাজার ৩৫০ টন চিনি উৎপাদন করা হয়। আখ সরবরাহের জন্য জানুয়ারির প্রথম সপ্তাহে জেলা প্রশাসনের সহায়তায় সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে আখখেতে লাল পতাকা টাঙানো হয়েছিল। পতাকা টাঙানো চাষিরা চিনিকলে আখ সরবরাহ না করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। তবুও কেউ আখ দেননি।চাষিরা জানান, আখ মিলে না দিয়ে নিজেরাই যন্ত্রচালিত পাওয়ার ক্রেশার দিয়ে মাড়াই করে গুড় তৈরি করছেন। বাজারে গুড়ের দাম চিনির দামের তুলনায় বেশি হওয়ায় গুড় ব্যবসায়ীদের কাছেও আখ বিক্রি করে দিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দৌলতপুর উপজেলার একাধিক আখচাষি প্রথম আলোকে বলেন, চিনিকলে আখ দিতে হলে ১২ মাস অপেক্ষা করতে হয়। দ্রুত আখ কেটে সেই জমিতে অন্য ফসল আবাদ করা হয়। তা ছাড়া চিনিকলে আখ সরবরাহের জন্য দালাল শ্রেণীর কর্মকর্তাদের শরণাপন্ন হতে হয়। টাকা পেতেও ভোগান্তির মুখে পড়তে হয়। এ রকম ঝামেলা পোহানোর চেয়ে গুড় তৈরিতে আখ বিক্রি করে দেন তাঁরা।কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, এ মৌসুমে অবৈধভাবে পাওয়ার ক্রাশার দিয়ে গুড় উৎপাদনের জন্য ১৮টি ক্রেশার জব্দ করা হয়। কিন্তু প্রতি অভিযানে সাত-আট হাজার টাকা খরচ হওয়ায় অভিযান বন্ধ হয়ে যায়। টাকা পেতে ভোগান্তির বিষয়টি তিনি অস্বীকার করেন। আজিজুর রহমান বলেন, ‘চিনি উৎপাদনে খরচ বেশি, সেই তুলনায় কম দামে সরকারকে চাহিদা মেটাতে কুষ্টিয়া চিনিকলের ৪৬ বছরে ১২৩ কোটি টাকা লোকসান রয়েছে।’