আখের জমিতে রবিশস্য চাষের জন্য নভেম্বরের শুরু থেকেই দেশের সব চিনিকলে আখ মাড়াই শুরু করার দাবি জানিয়েছে উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতি। গতকাল বৃহস্পতিবার সমিতির পক্ষ থেকে নাটোরের লালপুর উপজেলার নর্থবেঙ্গল সুগার মিল এলাকায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সমিতির আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক আল মামুন সরকার বক্তব্য দেন। সভাপতি জানান, আখ মাড়াই মৌসুম বিলম্বিত হলে চাষিরা একদিকে অর্থাভাবে পাওয়ার ক্রাশার (আখ মাড়াই কল) মালিকদের কাছে আখ বিক্রি করতে বাধ্য হবেন, অন্যদিকে আখ চাষের মাঠ সময়মতো ফাঁকা না হওয়ায় রবিশস্য আবাদ ব্যাহত হবে। এর আগে গত সোমবার উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির কার্যালয়ে উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতি, রাজশাহী চিনিকল আখচাষী কল্যাণ সমিতি ও নাটোর চিনিকল আখচাষী কল্যাণ সমিতির যৌথ সভায় একই দাবি জানানো হয়।