আখ সরবরাহকারীরা পাওনা পাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট চিনিকলে উৎপাদিত চিনি বিক্রি না হওয়ায় বিপাকে পড়েছে মিল কর্তৃপক্ষ। বাজারে বেসরকারি বিভিন্ন কোম্পানির চিনির দাম মিলে উৎপাদিত চিনির চেয়ে কম হওয়ায় চিনিকলের ডিলাররাও চিনি তুলছেন না।ফলে চলতি ২০১২-১৩ অর্থবছরে প্রায় ৪৪ কোটি টাকার চিনি অবিক্রীত থেকে যাওয়ায় আখচাষিদের আট কোটি টাকা পরিশোধ করতে পারছে না কর্তৃপক্ষ।গত ৩০ নভেম্বর চিনিকলটিতে আখ মাড়াই শুরু হয়। এবার ৭৬ হাজার ৬৬০ মেট্রিক টন আখ মাড়াই করে পাঁচ হাজার ৯৮৭ দশমিক ১৫ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়। গত বছরের অবিক্রীত চিনি রয়ে গেছে দুই হাজার ৭৫৪ দশমিক ৮৫ মেট্রিক টন। সব মিলিয়ে অবিক্রীত চিনির পরিমাণ আট হাজার ৭৪২ মেট্রিক টন। এর দাম ৪৩ কোটি ৭১ লাখ টাকা।ডিলার ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, সরকারিভাবে প্রতি কেজি চিনির মূল্য ৫০ টাকা ধরা হয়েছে। অথচ বেসরকারি কোম্পানিগুলো পাইকারি চিনির কেজি ৪৫ টাকা। শহরের খুচরা ব্যবসায়ী লালচান মিয়া জানান, তীর, ফ্রেস ইত্যাদি বিভিন্ন কোম্পানির চিনি তাঁরা ৪৮ টাকা কেজিতে বিক্রি করছেন। ফলে মিলের চিনি ৫২-৫৩ টাকা কেজিতে কেউ কিনতে চায় না। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ উল্লাহ জানান, চিনি অবিক্রীত থাকায় চাষিদের আখ বিক্রির টাকা পুরোপুরি শোধ করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, অর্থাভাবে চিনিকলের কর্মকর্তা-কর্মচারীদের গত জানুয়ারি মাসের বেতনও দেওয়া যায়নি।