আখতার ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন, দগ্ধ ৩
মানিকগঞ্জের সিঙ্গাইরে ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় আখতার ইন্ডাস্ট্রিয়াল পার্কে ম্যাট্রেস ও পি-ফোম তৈরির শেডে আজ মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার এক কর্মকর্তা ও দুই শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন। পরে খবর পেয়ে দমকল বাহিনীর সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিদগ্ধ শ্রমিকেরা হলেন সিঙ্গাইরের জয়মণ্ডপ এলাকার দোলোয়ার কবির (৩৫), ফোর্ডনগরের রফিকুল ইসলাম (২০) ও বিন্নাডাঙ্গির রফিকুল ইসলাম (২২)। তাঁরা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দমকল বাহিনী ও সিঙ্গাইর থানার পুলিশ সূত্রে জানা গেছে, আখতার ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভারী টিনের ছাদের তৈরি দুই তলাবিশিষ্ট ১০টি শেড রয়েছে। এসব শেডের মাত্র তিনটি প্লাইউড, ম্যাট্রেস ও পি-ফোম উৎপাদনের জন্য ব্যবহার করা হতো। আজ সকাল ১০টার দিকে ২ নম্বর শেডে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো শেডে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড), মানিকগঞ্জ, মিরপুর, মোহাম্মদপুর ও প্রধান কার্যালয় থেকে দমকল বাহিনীর সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর দমকল বাহিনীর সদস্যরা বেলা দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার প্রত্যক্ষদর্শী হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ শ্রমিক বিন্নাডাঙ্গি এলাকার রফিকুল ইসলাম বলেন, তিনিসহ সাত শ্রমিক ২ নম্বর শেডের নিচতলায় পি-ফোম তৈরির কাজ করছিলেন। আর ২০ থেকে ২২ জন শ্রমিক দ্বিতীয় তলায় ম্যাট্রেস তৈরি করছিলেন। এ সময় ওই শেডে আগুন ধরে যায়। নিচতলায় পি-ফোম তৈরির একটি যন্ত্রে গ্যাসের চাপ কমে যাওয়ায় কাজে সমস্যা হচ্ছিল। একজন শ্রমিক গ্যাসের চাপ বাড়ানোর সঙ্গে সঙ্গে ওই যন্ত্র বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো শেডে ছড়িয়ে পড়ে। এ সময় সবাই কারখানা থেকে বরে হতে পারলেও তিনিসহ তিনজন অগ্নিদগ্ধ হন।
তবে প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক (এজিএম) এম এ মান্নান খান বলেন, যে শেডটিতে আগুন লেগেছে, সেখানে কোনো সামগ্রী উৎপাদন হতো না। তাই সেখানে শ্রমিকও ছিলেন না। ওই শেডে একটি বড় জেনারেটর, ৫০টি গ্যাস সিলিন্ডার ও ফোম তৈরির কাঁচামাল রাখা ছিল। যার সবই পুড়ে গেছে। এ ঘটনায় কেউ অগ্নিদগ্ধ হননি। তবে হুড়োহুড়ি করে বের হওয়ার সময় তিনজন সামান্য আহত হয়েছেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আনোয়ারুল কাদির বলেন, আগুনে আখতার ইন্ডাস্ট্রিয়াল পার্কে কর্মরত তিনজনের মুখ, বুক ও পায়ের ২০ থেকে ২৫ ভাগ পুড়ে গেছে।
এদিকে অগ্নিদগ্ধ দেলোয়ারের ভাই ইলিয়াস কবীর জানিয়েছেন, তাঁর ভাই ওই প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের দায়িত্বে রয়েছেন।
ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়েও ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান কে এম আখতারুজ্জামান ও এজিএম এম এ মান্নান। আখতারুজ্জামানের দাবি, ক্ষতির পরিমাণ দুই থেকে তিন কোটি টাকা। এম এ মান্নানের দাবি, ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ কোটি টাকা।
আগুন লাগার কারণ সম্পর্কে দমকল বাহিনীর ঢাকা বিভাগের উপপরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাস বলেন, তদন্ত ছাড়া আগুন লাগার কারণ নিশ্চিত করে বলা মুশকিল। তবে যন্ত্র বিস্ফোরিত হয়ে বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি বলেন, শেডটিতে জেনারেটর, বিভিন্ন ধরনের যন্ত্র ও কাঁচামালসহ কেমিক্যাল ছিল। যে কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।
জানতে চাইলে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, ‘কোনো শ্রমিক অগ্নিদগ্ধ হওয়ার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। প্রতিষ্ঠানের মালিক আমাকে জানিয়েছেন, দুই থেকে তিনজন শ্রমিক হাতে সামান্য আঘাত পেয়েছেন।’