আখতারুজ্জামান ইলিয়াস পুরস্কার পেলেন ওয়াসি আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত তলকুঠুরির গান বইয়ের জন্য ‘আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার-২০১৫’ পেয়েছেন লেখক ওয়াসি আহমেদ। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে বাঙলার পাঠশালা আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার হিসেবে লেখক পেয়েছেন ৫০ হাজার টাকা ও ক্রেস্ট। পুরস্কার পেয়ে ওয়াসি আহমেদ বিচারকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশে গুণী মানুষের সংখ্যা বিপজ্জনকভাবে কমে যাচ্ছে। নিজেদের হীনম্মন্যতা প্রকটভাবে উন্মোচিত হচ্ছে। এত এত অনুষ্ঠান হয়, কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর মতো অনুষ্ঠান খুব বেশি হয় না।
অনুষ্ঠানে আখতারুজ্জামান ইলিয়াস চতুর্থ স্মারক বক্তৃতা দেন কথাসাহিত্যিক শাহীন আখতার। তাঁর অনুপস্থিতিতে ‘ঐতিহাসিক সাহিত্য’ শীর্ষক বক্তৃতাটি পড়ে শোনান রুকসানা পারভীন। এতে বলা হয়, সৃজনশীল লেখার জন্য ঐতিহাসিক নথিপত্র ঘাঁটা শেষ কথা নয়। শুধু মাথা দিয়ে সাহিত্য না লিখে অন্য ইন্দ্রিয়গুলো সজাগ রাখা জরুরি। ছোটখাটো অনেক ডিটেইল শুধু বিষয়ের বিশ্বাসযোগ্যতা বাড়ায় না, চেনা জগতের বাইরে অচেনা ভুবনে নিয়ে যায়।
অনুষ্ঠানে সাংবাদিক কামাল লোহানীর সভাপতিত্বে অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস, মাজহারুল ইসলাম, অধ্যাপক এম এম আকাশ, কথাসাহিত্যিক শওকত আলী, প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমেদ, লেখক মার্জিয়া লিপি, শিক্ষক মামুন আল রাশিদ, লেখক লিটন আব্বাস প্রমুখ বক্তব্য দেন।