আখতারুজ্জামান চৌধুরীর জানাজায় মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর জানাজা গতকাল মঙ্গলবার বাদ আসর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় সাধারণ লোকজন থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার সাংসদেরা এবং বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। জানাজার আগে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন, বন ও পরিবেশমন্ত্রী মো. হাছান মাহমুদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধরী, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী এবং আখতারুজ্জামান চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান সাইফুজ্জামান চৌধুরী। জানাজা শেষে আখতারুজ্জামান চৌধুরী বাবুর কফিনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দেওয়া হয়। এরপর চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুল দেওয়া হয়। মাগরিবের নামাজের আগে মরদেহ তাঁর সার্সন সড়কের বাসভবনে নেওয়া হয়। আজ সকালে তাঁর নির্বাচনী এলাকা আনোয়ারার পশ্চিম পটিয়ায় তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু গত ৪ নভেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।