আখতারুজ্জামানের মরদেহ ঢাকায়
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর মরদেহ দেশে এসেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহ হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় তাঁর পরিবারের সদস্যসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে গত রোববার ভোর সাড়ে চারটার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।আখতারুজ্জামানের মরদেহ বিমানবন্দরে পৌঁছালে আওয়ামী লীগের নেতারা লাশ বিমান থেকে নামিয়ে ট্রলিতে ওঠান। পরে আওয়ামী লীগের দলীয় ও জাতীয় পতাকা দিয়ে কফিন জড়ানো হয়। কিছুক্ষণের জন্য কফিন রাখা হয় বিমানবন্দরে। বিমানবন্দরে আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতাদের মধ্যে দলের ভারপ্রাপ্ত সভাপতি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আবুল হাসানাত আবদুল্লাহ, রহমত আলী, এইচ এন আশিকুর রহমান, সাহারা খাতুন, লতিফ সিদ্দিকী, ফারুক খান, হাছান মাহমুদ, আবদুস শহীদ প্রমুখ উপস্থিত ছিলেন।বিমানবন্দর থেকে কফিন মরহুমের গুলশানের বাসভবনে নেওয়া হয়। শমরিতা হাসপাতালের হিমঘরে কফিন রাখা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ হেলিকপ্টারযোগে নেওযা হবে চট্টগ্রামের আনোয়ারায়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।