আখতারুজ্জামানের সংবর্ধনায় এক মঞ্চে নগর আ.লীগের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখতারুজ্জামান চৌধুরীর সংবর্ধনা সভায় চট্টগ্রাম আওয়ামী লীগের বিবদমান সব নেতা একমঞ্চে এলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের মুসলিম হলে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সভায় নেতারা ঐক্যবদ্ধভাবে কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করেন।চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গতকাল সাংসদ আখতারুজ্জামান চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়। সম্প্রতি তাঁকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে।সংবর্ধনা সভায় বক্তারা বলেন, ঐক্যের মধ্য দিয়ে দলকে এগিয়ে নিতে হবে। ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ইতিহাস সৃষ্টি করতে হবে।নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম এ লতিফ, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হাসিনা মান্নান ও চেমন আরা তৈয়ব, ছাত্রলীগের সাবেক নেতা আ জ ম নাসির উদ্দিন প্রমুখ।সভায় আখতারুজ্জামান চৌধুরী সব নেতাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দলের বিপর্যয় ঠেকাতে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার সব নেতা-কর্মীকে জোট বেঁধে কাজ করতে হবে। এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘দেশকে ধ্বংসের দোরগোড়ায় পৌঁছাতে এবং আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করতে অপশক্তি উঠেপড়ে লেগেছে। সব চক্রান্ত রুখতে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া উপায় নেই। তাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি। প্রমাণ করব, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই।’বক্তব্যের একপর্যায়ে আওয়ামী লীগের নেতারা পরস্পরের হাতে হাত মিলিয়ে ওপরে তুলে ধরেন। মো. আফছারুল আমীন বলেন, ‘সংগঠনের জন্য যিনি কাজ করবেন তাঁর মূল্যায়ন একদিন হবেই। তার প্রমাণ আখতারুজ্জামান চৌধুরী। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, বিদেশে জনমত গঠন এবং আওয়ামী লীগের আদর্শের প্রতি অবিচল আস্থাই তাঁকে আজ এ অবস্থানে নিয়ে এসেছে।’উল্লেখ্য, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, অপরপক্ষে নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সহসভাপতি সাংসদ নুরুল ইসলাম বিএসসি ও যুগ্ম সম্পাদক ও মন্ত্রী মো. আফছারুল আমীন।