
হরেক রকমের ইফতারসামগ্রী থরে থরে সাজানো। কিন্তু সেসবে ক্রেতাদের খুব একটা আগ্রহ নেই। সবার আগ্রহ পাতলা খিচুড়ি আর আখনিতে। ডেকচিতে রাখা গরম-গরম খিচুড়ি আর আখনি প্যাকেটজাত হওয়ার পরপরই দাম মিটিয়ে ক্রেতারা ছুটে চলছেন বাসার পথে।
গতকাল বুধবার বেলা পৌনে চারটার দিকে এ দৃশ্য দেখা যায় নগরের জিন্দাবাজার এলাকার পানসী রেস্টুরেন্টে। পাতলা খিচুড়ি যিনি বিক্রি করছিলেন, তিনি যেন কথা বলার ফুরসতই পাচ্ছিলেন না। এক ফাঁকে শুধু বলেন, ‘এইবার কাড়াকাড়ি অবস্থা!’
পানসীর ব্যবস্থাপক জাহাঙ্গীর আহমেদ জানান, পাতলা খিচুড়ি নরম খিচুড়ি বলেও ডাকা হয়। এবার পাতলা খিচুড়ি নামটি বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। প্রতি কেজি ৭০ টাকা। দাম কম হওয়ায় আখনির জায়গা দখল করছে পাতলা খিচুড়ি।
আখনিরও আছে রকমফের। চিকেন আখনি ২২০ টাকা, বিফ আখনি ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এর বাইরে রেস্টুরেন্টটিতে ৩৭ পদের ইফতারসামগ্রী বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে পাতলা খিচুড়ি ও আখনি। প্রতিদিন তাঁদের রেস্টুরেন্টে ৩৫ থেকে ৪০ কেজি পাতলা খিচুড়ি এবং ৭০ থেকে ৮০ কেজি আখনি বিক্রি হচ্ছে।
নগরের জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা, রিকাবীবাজার, লামাবাজার, শিবগঞ্জ, টিলাগড়, শাহি ঈদগাহ, কদমতলী, পাঠানটোলা, সুবিদবাজার এলাকা ঘুরে দেখা গেছে, ক্রেতাদের আগ্রহের শীর্ষে রয়েছে পাতলা খিচুড়ি ও আখনি। আম্বরখানা এলাকায় কথা হয় আনিছুর রহমান নামের এক চাকরিজীবীর সঙ্গে। তিনি বলেন, অন্যান্য ইফতারসামগ্রীর পাশাপাশি সিলেটি প্রায় বাড়িতে ইফতারের সময় পাতলা খিচুড়ি থাকবেই। এ ছাড়া কাউকে আমন্ত্রণ জানানো হলে আখনি ইফতারের তালিকায় রাখাই হবে। বন্দরবাজার এলাকার এক ভ্রাম্যমাণ ইফতারসামগ্রী বিক্রেতা জানান, অন্যান্য পদের তুলনায় পাতলা খিচুড়ি ও আখনি তুলনামূলকভাবে বেশি বিক্রি হয়ে থাকে।
সিলেটের ইফতার বাজার ঘুরে দেখা গেছে, পাতলা খিচুড়ি ও আখনি ছাড়াও খেজুর, জিলাপি, বেগুনি, আলু চপ, ডিম চপ, পেঁয়াজু, দইবড়া, আলু পরোটা, বিফ বটি কাবাব, নানা ধরনের শাকের বড়া, ছোলা, মটর, দই, পুডিং, চিকেন চাপ, বিফ চাপ, মগজ ফ্রাই, জালি কাবাব, শামি কাবাব, টিক্কা কাবাব, চিকেন টিক্কা, চিকেন গ্রিল, চিকেন উইংস, শিক কাবাব, চিকেন বিরিয়ানি, চিকেন শর্মা, শাহি হালিম, চিকেন লেগ, চিকেন সাশলিক, বিফ কাটি কাবাব, চিকেন ড্রাম স্টিক, ফ্রাই চিকেন, বিফ বল, ফিরনি, পাকোড়া, ফুলুরি, চিকেন রুশনি, হাঁড়িয়ালি কাবাব, নার্গিস কাবাব, চিকেন ললিপপ, লেমন চিকেন, পুরান ঢাকার ঘুগনিসহ নানা ধরনের ইফতারসামগ্রী দেদার বিক্রি হচ্ছে।
ইফতারিতে মিষ্টিজাত দ্রব্যের চাহিদাও রয়েছে। রোজা সামনে রেখে মিষ্টান্ন দোকানও খোলা হয়েছে। এর মধ্যে খামারে উৎপাদিত দুগ্ধজাত থেকে মিষ্টান্নের নতুন প্রতিষ্ঠান ‘এসবি ডেইরি’। নগরের কুমারপাড়া এলাকায় এ প্রতিষ্ঠানের বিপণন কেন্দ্র।
ছড়ারপাড় এলাকার বাসিন্দা জামাল আহমদ নামের একজন ক্রেতা জানান, সিলেটে ইফতারের বাজার আগে খুব একটা জমজমাট ছিল না। এখানকার মানুষ ঘরে তৈরি ইফতারসামগ্রীতেই ইফতার করতে স্বচ্ছন্দবোধ করেন। তবে কয়েক বছর ধরে রেস্তোরাঁ থেকে ইফতারসামগ্রী কেনার প্রবণতা বেড়েছে। এ অবস্থায় ইফতারের বাজারও এখন খুব জমজমাট থাকে। অনেক ইফতারসামগ্রীই মানুষজন কেনে, তবে খিচুড়ি ও আখনি সে তালিকায় অবশ্যই থাকবে।