আখমাড়াই শুরুর ১৬ মিনিটের মাথায় বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধুখালী উপজেলায় অবস্থিত ফরিদপুর চিনিকলে গত শুক্রবার সন্ধ্যায় আখ মাড়াই শুরু হওয়ার ১৬ মিনিটের মধ্যেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে আখ মাড়াই বন্ধ হয়ে গেছে।
ফরিদপুর চিনিকল সূত্র জানায়, প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের একটি প্রকল্পের আওতায় নির্মিত আখ পরিবহনের স্রেডর র‌্যাক ক্যান ক্যারিয়ার বিকল হওয়ায় আখ মাড়াই বন্ধ হয়ে পড়ে। গত ২৪ ঘণ্টা টানা পরিশ্রম করেও মিলটি চালু করা যায়নি।
এদিকে গতকাল শনিবার সকালে মিলগেটে আখ গ্রহণ না করায় আখচাষিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে আখচাষিরা বিক্ষোভ করেন।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমজাদ হোসেন বলেন, ‘স্রেডর র‌্যাক ক্যান ক্যারিয়ার স্থাপনে ত্রুটি থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা ত্রুটি মেরামত করে চিনিকলটি চালু করার চেষ্টা করছি। মাড়াই চালু হলে আবার আখ কেনা শুরু হবে।’
এ বছর এ চিনিকলে ১১৮ কর্মদিবসে এক লাখ ২০ মেট্রিক টন আখ মাড়াই করে নয় হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে গত মৌসুমে উৎপাদিত প্রায় পাঁচ হাজার ৫১১ মেট্রিক টন চিনি এখনো অবিক্রীত রয়েছে।