আখলাকুরের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুরের মঠবাড়িয়ার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখলাকুর রহমানের ওপর বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে আজ মঙ্গলবার মানববন্ধন করেছেন সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের সামনে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা কালো ব্যাচ পরেন। একই দাবিতে দেশের সব সমাজসেবা কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
ভুয়া এতিমের নামে সরকারি বরাদ্দের টাকা না দেওয়ায় গত রোববার মো. আখলাকুর রহমানকে পিটিয়ে জখম করেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়হারজী গ্রামে হাজি গুলশান আরা শিশুসদনের সভাপতি আবদুল গফ্ফার (৬০) ও এতিমখানার শিক্ষক মোস্তফা মাহামুদ (৫০)। এ দুজন এখন কারাগারে রয়েছেন।
মানববন্ধন মো. আখলাকুর রহমানের ওপর বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে জেলা সমাজসেবা কার্যালয় থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কথা জানানো হয়। সমাজকল্যাণমন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সচিব বরাবর স্মারকলিপি দেওয়া হবে। মো. আখলাকুর রহমানের সুচিকিৎসা ও মামলাজনিত সব খরচ বাংলাদেশ সমাজসেবা অফিসার্স অ্যাসোসিয়েশন বহন করবে। আবদুল গফ্ফার হাওলাদারের এতিমখানার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয় মানববন্ধনে। আবদুল গফ্ফার হাওলাদারের সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের সব চুক্তি বিধি মোতাবেক বাতিল ও গফ্ফার সিকিউরিটিস কালো তালিকাভুক্তির উদ্যোগ গ্রহণেরও দাবি জানানো হয় মানববন্ধনে। সমাজসেবা অধিদপ্তরে আবদুল গফ্ফার হাওলাদারকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
১৯৯৭ সালে উপজেলার বড়হারজী গ্রামের আবদুল গফ্ফার হাজি গুলশান আরা শিশুসদন নামে একটি এতিমখানা প্রতিষ্ঠা করেন। ২০১৭-১৮ অর্থবছরে সমাজসেবা মন্ত্রণালয়ে ২০২ জন এতিম দেখিয়ে ১০১ জন এতিমের নামে বছরে ১২ লাখ টাকা সরকারি বরাদ্দ অনুমোদন করান। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি এম সরফরাজের কাছে ভুয়া এতিম দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ করেন বড়হারজী গ্রামের আলতাফ মাহামুদ। ইউএনও সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হাওলাদারকে বিষয়টি তদন্তের ভার দেন। তিনি সরেজমিনে তদন্ত করে এতিম খানায় ৪১ জন এতিম পান এবং বর্ধিত বরাদ্দ বাতিলের সুপারিশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেন।
এরপর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওই তদন্ত প্রতিবেদনসহ এতিমখানার বর্ধিত বরাদ্দ বাতিলের জন্য সমাজসেবা অধিদপ্তরে প্রতিবেদন পাঠান। রোববার সকালে গত ছয় মাসের সরকারি বরাদ্দের ছয় লাখ টাকার বিল নিয়ে এতিমখানার শিক্ষক মোস্তফা মাহামুদ সমাজসেবা কর্মকর্তা মো. আখলাকুর রহমানের কাছে যান। তিনি ওই বিল ছাড় দিতে অস্বীকৃতি জানান। পরে বেলা তিনটার দিকে এতিমখানার সভাপতি আবদুল গফ্ফার সমাজসেবা কর্মকর্তাকে টাকা ছাড় দিতে চাপ প্রয়োগ করেন। এতে তিনি রাজি না হলে গফ্ফার, মোস্তফা মাহামুদসহ পাঁচ থেকে ছয়জন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে সমাজসেবা কর্মকর্তার ওপর হামলা করেন। এ সময় সমাজসেবা কার্যালয়ের কর্মচারীরা গফ্ফার ও মোস্তফা মাহামুদকে আটক করে পুলিশে সোপর্দ করেন। বাকিরা পালিয়ে যান।