আখাউড়া-আগরতলা রেলপথ শিগগির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণকাজ শিগগিরই শুরু হবে। ভারতের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। রেলমন্ত্রী মুজিবুল হক গতকাল বৃহস্পতিবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় যাওয়ার আগে আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন।
আগরতলা সীমানায় মন্ত্রীকে স্বাগত জানান ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্রকর। রেলমন্ত্রী আগরতলা ঈশ্বর পাঠশালা প্রাঙ্গণে ‘কুমিল্লার ঈশ্বর পাঠশালার’ শতবর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গেছেন। কয়েক বছর আগে কুমিল্লা ঈশ্বর পাঠশালার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আগরতলা ঈশ্বর পাঠশালাটি গড়ে ওঠে।
ত্রিপুরা যাওয়ার আগে স্থলবন্দরে মন্ত্রী বলেন, ‘দুটি বড় উৎসব ঈদুল আজহা ও দুর্গাপূজা এবার কাছাকাছি সময়ে হচ্ছে। স্বজনদের সঙ্গে এসব উৎসব উদ্যাপন করতে লাখ লাখ মানুষ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নিজ নিজ বাড়ি ফিরবেন। এ জন্য ট্রেনে যাত্রীদের ভিড় বাড়বে। তবে যাত্রীদের সেবা দেওয়ার জন্য রেলওয়ে প্রস্তুত।’
রেলমন্ত্রী বলেন, বিভিন্ন রুটে বেশ কয়েকটি ট্রেনের সঙ্গে আরও ১৩০টি কোচ সংযোজন করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত ৩০টি ইঞ্জিন প্রস্তুত রাখা হয়েছে। এই সময়ে কোথাও ইঞ্জিন বিকল হলে অতিরিক্ত ইঞ্জিন দিয়ে ট্রেন চালানো হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় এক জনসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের বিষয়ে রেলমন্ত্রী বলেন, খালেদা জিয়া কত কথাই না বলেন। কিন্তু তাঁর কথা জনগণ বিশ্বাস করেন না। জনগণের স্বার্থে তিনি রাজনীতিও করেন না।