আখাউড়া-আগরতলা সীমান্তে হবে ওয়াগাহর মতো অবকাঠামো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও পাকিস্তানের মধ্যের ওয়াগাহ সীমান্তের মতোই বাংলাদেশের সঙ্গে আখাউড়া-আগরতলা সীমান্তে অবকাঠামো তৈরি করতে যাচ্ছে ত্রিপুরা রাজ্য সরকার। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটিকে এ কাজের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
ত্রিপুরার পর্যটনমন্ত্রী রতন ভৌমিক গতকাল শনিবার আগরতলা থেকে মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য জানান। বেনাপোল-পেট্রাপোলের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বাণিজ্যের দ্বিতীয় বৃহত্তম সীমান্ত আখাউড়া-আগরতলা।
রতন ভৌমিক বলেন, ত্রিপুরা রাজ্য সরকার আগামী মাসের মধ্যে আলোচনা শেষ করে দুই বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করতে চাইছে। তিনি বলেন, ত্রিপুরা পর্যটন মন্ত্রণালয়ের ‘স্বদেশ দর্শন কর্মসূচির’ আওতায় কেন্দ্রীয় সরকার আখাউড়া-আগরতলা সীমান্তের ওই প্রকল্পসহ বেশ কয়েকটি প্রকল্পে ৯৯ কোটি রুপি বরাদ্দ দিয়েছে।
প্রস্তাবিত ওই প্রকল্পে কী কী থাকছে, জানতে চাইলে ত্রিপুরার পর্যটনমন্ত্রী বলেন, সীমান্তের প্রস্তাবিত ওই প্রকল্পে একটি ছোট স্টেডিয়াম এবং বিটিং রিট্রিট সিরেমনি আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হবে। অবকাঠামো ভারতীয় ভূখণ্ডে হলেও এ জন্য বাংলাদেশের সঙ্গে আলোচনা করা হবে। এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সঙ্গে আলোচনা করবে।
প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের ওয়াগাহ সীমান্তে প্রতিদিন সূর্যাস্তের দুই ঘণ্টা আগে বিটিং রিট্রিট সিরেমনি (দুই দেশের পতাকা নামিয়ে বর্ণাঢ্য কুজওয়াজ) আয়োজন করে দুই দেশের সীমান্তরক্ষীরা।