আখাউড়া জংশনের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশন রেলস্টেশনে রিকশা ও ভ্যান রাখার স্থানে অবৈধভাবে নির্মিত পাকা দোকানঘর উচ্ছেদের দাবি জানিয়েছে আখাউড়ার সচেতন নাগরিক ফোরাম ও মুক্তিযোদ্ধা সংসদ। এই দাবিতে গতকাল বৃহস্পতিবার কয়েক শ মানুষ মিছিল নিয়ে উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে রেলমন্ত্রীকে সঞ্চারকলিপি দেন।

পরে পৌর শহরের বাসস্ট্যান্ডে নাগরিক ফোরামের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ হয়। সভাপতির বক্তব্যে জয়নাল আবেদীন ঘোষণা দেন, আগামী ১৪ জুনের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে ১৫ জুন আখাউড়ায় আধা বেলা হরতাল এবং একই দিন পূর্বাঞ্চল রেলপথ অবরোধ করা হবে।

সমাবেশে বক্তব্য দেন রফিকুল ইসলাম, জমসিদ শাহ ও জজ মিয়া, পৌর কাউন্সিলর বাহার মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সড়ক বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সহসভাপতি হুমায়ুন কবির প্রমুখ।

রেলমন্ত্রীকে দেওয়া সঞ্চারক-লিপিতে বলা হয়েছে, আখাউড়া রেলজংশনটি ব্রিটিশ শাসনামলে আসাম বেঙ্গল রেলওয়ের জংশন ছিল। পুরোনো ও ঐতিহ্যবাহী এই জংশনের রিকশা ও ভ্যান পার্কিংয়ের স্থানে অবৈধভাবে দোকানঘর নির্মাণের কারণে স্টেশনের সৌন্দর্য নষ্টের পাশাপাশি যাত্রীদের চলাচল ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

আখাউড়া জংশন স্টেশনের তত্ত্বাবধায়ক মোতালেব হোসেন দাবি করেন, রেলওয়ের বাণিজ্য বিভাগ থেকে বাণিজ্যিক লাইসেন্স নিয়ে এখানে ঘর তোলা হয়েছে।

তবে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ঢাকা) সরদার সাহাদাত আলী বলেন, আখাউড়া জংশনে অবৈধ স্থাপনা কয়েক দিনের মধ্যেই উচ্ছেদ করা হবে।