আখাউড়া থানার দুই পুলিশের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলের বিরুদ্ধে চুরি, চাঁদাবাজি ও মারধর করার অভিযোগে আদালতে মামলা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জজ আদালতের রাশেদ মিয়া নামের এক আইনজীবী সহকারী বাদী হয়ে গত সোমবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (আখাউড়া) শাহীন আক্তারের আদালতে মামলাটি দায়ের করেন।
আদালত সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ও কনস্টেবল নাজমুল হাসান। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দু-তিনজন কনস্টেবলকে আসামি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর রাশেদ মিয়াসহ তিন আইনজীবী সহকারী এবং তাঁদের তিন বন্ধু দুটি মোটরসাইকেলে করে ফেরার পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আখাউড়া কলেজ গেট এলাকায় পুলিশের একটি দল তাঁদের আটক করে। এ সময় এসআই দেলোয়ার হোসেন ও কনস্টেবল নাজমুল হাসান ৯০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাঁদের মাদকের মামলা দিয়ে চালান করে দেবেন বলে ভয় দেখান পুলিশের দুই সদস্য। মানসম্মানের ভয়ে তাঁরা ৯০ হাজার টাকা দিতে সম্মত হন। তাৎক্ষণিক ২৮ হাজার ৫০০ টাকা দেন এবং বাকি টাকা পরে পরিশোধ করবেন বলে তিনটি মুঠোফোন ওই দুই পুলিশ সদস্যের কাছে জমা রেখে আসেন। পরে ঘটনাটি আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়।
এসআই দেলোয়ার হোসেন টাকা চাওয়ার কথা অস্বীকার করে বলেন, রাশেদ মিয়া নেশাগ্রস্ত ছিলেন। তাঁর সঙ্গে কনস্টেবলের কথা-কাটাকাটি হয়। তিনি তখন সেখানে বিষয়টি সমাধান করে দেন। আখাউড়া থানার ওসি হাম্মাদ হোসেন বলেন, তিনি মামলা হওয়ার কথা শুনেছেন। আর এ বিষয়ে তাঁর কাছে আগে কেউ অভিযোগ করেননি।