আখাউড়া স্থলবন্দর সড়ক 'মরণফাঁদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিচের মাটি সরে গিয়ে ভেঙে গেছে সড়কটির একাংশ। চিত্রটি আখাউড়া স্থলবন্দর সড়কের হীরাপুর এলাকার। গত ২৯ অক্টোবর তোলা ছবি l প্রথম আলো
নিচের মাটি সরে গিয়ে ভেঙে গেছে সড়কটির একাংশ। চিত্রটি আখাউড়া স্থলবন্দর সড়কের হীরাপুর এলাকার। গত ২৯ অক্টোবর তোলা ছবি l প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতের অর্থে উন্নয়ন ও সংস্কার করা গুরুত্বপূর্ণ স্থলবন্দর সড়কটির কয়েকটি স্থানে নিচের মাটি সরে গিয়ে ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। সওজের কর্মকর্তারা বলছেন, কেবল ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে এটি টিকিয়ে রাখা যাবে না, দরকার স্থায়ী মেরামত।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদরের সুলতানপুর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ১৫ কিলোমিটার। কাগজপত্রে আখাউড়া স্থলবন্দর সড়ক হলেও ‘ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়ক’ নামেই বেশি পরিচিত এটি। ১২ ফুট প্রশস্ত সড়কটি ১৮ ফুটে উন্নীতকরণ ও সংস্কারের কাজ শুরু করে ২০১০ সালের ডিসেম্বরে ভারতীয় পরিবহন সংস্থা আসাম বেঙ্গল ক্যারিয়ার (এবিসি)। এর অর্থায়নও করে প্রতিষ্ঠানটি। এরপর ২০১২ সালের ফেব্রুয়ারিতে ব্রাহ্মণবাড়িয়া সওজকে সড়কটি বুঝিয়ে দেয় তারা।
সরেজমিনে দেখা গেছে, সড়কের আখাউড়া অংশে পৌর শহরের নারায়ণপুর এলাকায় দেড় শ গজের বেশি অংশ দেবে গেছে। বঙ্গেরচর, সাহেবনগর, গাজীরবাজার ও আনন্দপুর এলাকায় সড়কের এক পাশ থেকে মাটি সরে গেছে পাশের খালে। আরও কিছু স্থানে একই অবস্থা।
ব্রাহ্মণবাড়িয়া সওজের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য বলেন, সড়কটির স্থায়ী মেরামত দরকার। এতে সময় লাগবে। ইতিমধ্যে নারায়ণপুর এলাকায় মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো সড়ক চলাচল উপযোগী করা হবে।
সওজ সূত্র জানায়, সড়কটির উন্নয়ন ও সংস্কারকাজ শেষ হওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই আখাউড়ার নারায়ণপুর মসজিদসংলগ্ন স্থানে সড়ক দেবে যায়। চুক্তি অনুযায়ী, সংস্কার শেষ হওয়ার পর এক বছর পর্যন্ত এর তত্ত্বাবধানের দায়িত্বে থাকা বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেড দেবে যাওয়া অংশ মেরামত করে দেয়। এ সময়টা ছিল ২০১২-এর অক্টোবরে।
গত ১২ অক্টোবর দেবে থাকা অংশটি পার হওয়ার সময় সিমেন্টবোঝাই একটি ট্রাকের যন্ত্রাংশ ভেঙে আটকে যায়। এ কারণে পরদিন স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকে। এ নিয়ে প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন ছাপা হয়। এতে সওজ সড়কটির ক্ষতিগ্রস্ত অংশের গর্তে কিছু বালু ও ইট ফেলে অস্থায়ী মেরামতকাজ করে। এখন জায়গাটি আবার যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে ঢাকা-আগরতলা পথের আন্তর্জাতিক দুটি যাত্রীবাহী বাস, স্থলবন্দরের আমদানি-রপ্তানি পণ্যবোঝাই ট্রাক, ত্রিপুরায় ট্রানজিটের খাদ্যবোঝাই ট্রাক, আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া পথে চলাচলকারী যাত্রীবাহী বাস ও ছোট-বড় অসংখ্য যানবাহন চলাচল করে।
বাসচালক আবদুস ছালাম বলেন, প্রতিদিন বন্দরসংলগ্ন গাজিরবাজার থেকে ব্রাহ্মণবাড়িয়া পথে ১৪টি যাত্রীবাহী বাসের প্রতিটি দু-তিনবার যাতায়াত করে। নারায়ণপুর এলাকা পার হওয়ার সময় যাত্রীদের বাস থেকে নামিয়ে দিতে হয়।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রাজীব উদ্দিন ভূইয়া বলেন, সড়কটি ছাড়া আখাউড়া স্থলবন্দরে যাওয়ার বিকল্প ব্যবস্থা নেই। বন্দরের নিয়মিত পণ্যবোঝাই ট্রাকের পাশাপাশি এখন ভারতের চালবোঝাই ট্রাকও যাচ্ছে এ সড়ক হয়ে। চলাচল উপযোগী না করে ট্রানজিটের চালবোঝাই ট্রাক নিয়মিত ক্ষতিগ্রস্ত এ সড়ক দিয়ে চললে সড়কটি একসময় পুরোপুরি নষ্ট হয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যাবে।
এদিকে অতি সম্প্রতি কসবার খেওড়া গ্রামে শ্রীশ্রী মা আনন্দময়ীর জন্মভূমি ও আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন বলেন, ভারত আগামী দিনে সড়কটির উন্নয়নকাজ করবে। তবে কবে নাগাদ এ কাজ করা হবে, তা স্পষ্ট করে বলেননি তিনি।