আখাউড়ায় এক লাইনে দুই ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশনে একই রেললাইনে দুটি যাত্রীবাহী ট্রেন ঢুকে পড়ে। তবে স্টেশনে থাকা যাত্রীরা চিৎকার করে চালকদের সতর্ক করায় কোনো অঘটন ঘটেনি। গতকাল বুধবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দক্ষিণ দিক থেকে পাহাড়িকা ট্রেনটি স্টেশনের ২ নম্বর লাইনে ঢুকছিল। উত্তর দিক থেকে বাল্লা লোকাল ট্রেনটিও একই লাইনে ঢুকতে থাকে। এ সময় স্টেশনে থাকা যাত্রীরা চিৎকার শুরু করেন। এতে প্রায় ৮০ গজ দূরে থাকতেই চালকেরা নিজ নিজ ট্রেন থামিয়ে দেন।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের তত্ত্বাবধায়ক মো. বদিউজ্জামান বলেন, পাহাড়িকা ট্রেনটিকে স্টেশনের ২ নম্বর লাইনে ঢোকার জন্য সংকেত দেওয়া হয়েছিল। তবে সংকেত অমান্য করে বাল্লা লোকাল ট্রেনের চালক ওই লাইনে ঢুকে পড়েন। ট্রেনগুলো ধীরগতিতে চলছিল বলে নিয়ন্ত্রণ করা গেছে।
তবে বাল্লা লোকাল ট্রেনের সহকারী চালক জয়নাল আবেদীন বলেন, হোম সিগন্যালে (স্টেশনে প্রবেশের সংকেত) দুটি হলুদ বাতি জ্বলতে দেখেই ট্রেন চালিয়ে যাচ্ছিলেন তিনি। ভুল সংকেত দেওয়ার কারণেই দুটি ট্রেন একই লাইনে মুখোমুখি অবস্থানে চলে আসে।
স্টেশনের ট্রেন নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, বাল্লা লোকাল ট্রেনটিকে ওই লাইন থেকে সরিয়ে নিয়ে পাহাড়িকা ট্রেনটিকে আনা হয়। বেলা দেড়টার দিকে ট্রেনটি আখাউড়া থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।