আখাউড়ায় ট্রাক বিকল হয়ে রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আখাউড়া স্থলবন্দর সড়কের নারায়ণপুর এলাকার এই অংশ পার হওয়ার সময় ট্রাক আটকে যায়। আজ সকাল সাড়ে ১০টার দিকে ছবিটি তুলেছেন দুলাল ঘোষ
আখাউড়া স্থলবন্দর সড়কের নারায়ণপুর এলাকার এই অংশ পার হওয়ার সময় ট্রাক আটকে যায়। আজ সকাল সাড়ে ১০টার দিকে ছবিটি তুলেছেন দুলাল ঘোষ

আখাউড়া স্থলবন্দরে আজ সোমবার সকাল নয়টা থেকে দুপুর সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত রপ্তানি বন্ধ রয়েছে। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে আখাউড়া-আগরতলা সড়কের নারায়ণপুর এলাকায় ক্ষতিগ্রস্ত অংশে রপ্তানির একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ কারণে সড়ক বন্ধ থাকায় রপ্তানির ট্রাক আসতে পারছে না।

স্থলবন্দর থেকে প্রায় চার কিলোমিটার দূরে সড়কটি বন্ধ থাকায় সেখানে এক পাশে রপ্তানির পণ্যবোঝাই বেশ কয়েকটি ট্রাক আটকা পড়েছে। ক্রাউন্ট সিমেন্ট নিয়ে সড়কে অপেক্ষায় থাকা ট্রাকের চালক সাদ্দাম হোসেন (২৮) প্রথম আলোকে বলেন, রাস্তাটির এই এলাকা প্রায় তিন মাস ধরে খারাপ। গত দুই দিনের বৃষ্টিতে পানি জমে নরম হয়। সিমেন্টবোঝাই ভারী ট্রাক যাওয়ার সময় ট্রাকটির কয়েকটি যন্ত্র ভেঙে যায়। এতে ট্রাকটি বিকল হয়ে এখানে আটকে আছে।

সড়কের একপাশে রপ্তানির পণ্যবোঝাই ট্রাকের সারি। ছবি: দুলাল ঘোষ
সড়কের একপাশে রপ্তানির পণ্যবোঝাই ট্রাকের সারি। ছবি: দুলাল ঘোষ

সরেজমিনে দেখা গেছে, আটকে থাকা ট্রাকের পেছনের সড়কে স্থলবন্দরগামী রপ্তানির পণ্যবাহী অনেক ট্রাক আটকে আছে। ছোট যানগুলো ঝুঁকি নিয়ে চলছে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, রাতে কয়েকটি ট্রাক বন্দরে এসেছে। সকাল নয়টা থেকে রপ্তানি বন্ধ রয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, সড়কটির প্রায় ৫০ মিটার অংশ দেবে আছে। এই পথে ভারী যান চলাচলের কারণে এই অবস্থা। সড়কটি মেরামতের জন্য তাঁর বিভাগ থেকে লোক পাঠানো হয়েছে।