আখাউড়ায় ট্রেন দুর্ঘটনায় ২ যাত্রী নিহত

ঢাকা থেকে চট্টগ্রামগামী মেইল ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশন স্টেশনে প্রবেশের পথে কুমারপাড়া এলাকায় দুর্ঘটনায় পড়ে। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে ট্রেনের মাঝখানের যাত্রীবাহী একটি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে যায়। এতে দুই যাত্রী নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন যাত্রী।
দুর্ঘটনায় নিহত যাত্রীরা হলেন নেত্রকোনা শহরের বারহাট্টার মোস্তাকিম (২৫) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের নূরুল আমিন (৪৫)।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহ আলম বলেন, আহত যাত্রীদের মধ্যে ২৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হচ্ছে। তাঁদের বেশির ভাগেরই হাত-পা ভেঙে গেছে। এ ছাড়া ১৫ জন ট্রেনযাত্রীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আখাউড়া রেলজংশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, তাত্ক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। কারণ তদন্তে ঢাকা থেকে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল আখাউড়ায় যাবে। দুর্ঘটনার কারণে গতকাল রাত তিনটা থেকে আজ বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেলযোগাযোগ বন্ধ ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ময়নাতদন্তের জন্য দুজনের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।