সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আখাউড়া রেলজংশন স্টেশন ইয়ার্ডে গতকাল রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় দেড় কিলোমিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে চট্টগ্রাম-সিলেট রেলপথে আট ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটির মাঝখানে থাকা জেনারেটর কামরার চাকার এক্সেল (চারটি চাকার একটি বক্স বা চাকাকে আটকে রাখার যন্ত্র) প্রচণ্ড গরম হয়ে ধোঁয়া বের হতে থাকে। আখাউড়া স্টেশনে আসার প্রায় তিন কিলোমিটার আগে থেকে ট্রেনের যাত্রীরা ধোঁয়া দেখতে পান। রেলওয়ে উচ্চবিদ্যালয়ের পাশে বাইপাস লেভেল ক্রসিং এলাকায় এলে ট্রেনটি ঝাঁকুনি খায়। আরও কিছু দূর আসার পর এক্সেল প্রচণ্ড গরম হয়ে ভেঙে পড়ে। এতে ট্রেনের ওই বগি থেকে একটি চাকার বক্স বিচ্ছিন্ন হয়ে যায়। অন্য বক্সটিও বাঁকা হয়ে যায়। তখন ট্রেনটি বিকট শব্দ আর প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে আঁকাবাঁকা হয়ে চলতে থাকে। আখাউড়া স্টেশনে ঢুকে ২ নম্বর প্ল্যাটফর্মে এসে বগিটি কাত হয়ে গেলে ট্রেন থেমে যায়।
ট্রেনের যাত্রী সিলেটের আম্বরখানার বাসিন্দা জুবায়ের আহমেদ বলেন, প্রায় তিন কিলোমিটার দূর থেকে ধোঁয়া উঠতে দেখে তিনি ইঞ্জিনের কামরায় যান। সেখানে গিয়ে দায়িত্বরত ব্যক্তিদের ঘুমাতে দেখেন। অনেক ডাকলেও তাঁরা সাড়া দেননি।
আখাউড়া জংশনের তত্ত্বাবধায়ক মোতালেব হোসেন বলেন, প্রায় দেড় কিলোমিটার রেললাইন ও পাঁচটি পয়েন্ট এবং সংকেতব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে স্টেশন থেকে ট্রেনে পানি সরবরাহের পাইপলাইনও ভেঙে গেছে। ঘটনার পর ঢাকার তিনজন প্রকৌশলীকে নিয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে।
তদন্ত কমিটির সদস্য ঢাকার সহকারী প্রকৌশলী (লোকো) টি এ চৌধুরী বিকেলে প্রথম আলোকে বলেন, রাতে সিলেট থেকে ট্রেনটি ছাড়ার আগে ট্রেন পরীক্ষণ (ক্যারেজ) বিভাগের পরীক্ষকদের অবহেলা ছিল। চাকার সঙ্গে এক্সেল ফেঁসে গিয়ে ঘর্ষণে প্রচণ্ড গরম হয়ে তা ভেঙে পড়ে। আর ট্রেনের পরিচালক, চালক ও বৈদ্যুতিক কামরার দায়িত্বরত ব্যক্তিদের অবহেলার কারণে রেললাইন, পয়েন্ট ও সংকেতব্যবস্থার ক্ষতি হয় বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।