আখাউড়ায় তিন প্রার্থীর ভোট বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তাকজিল খলিফা ১৪ হাজার ৬৯৯ ভোটে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মন্তাজ মিয়া পেয়েছেন ৩ হাজার ২৩ ভোট।
গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে ভোট গণনা শেষে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন এই ঘোষণা দেন।
তবে তাঁদের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়া এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে কেন্দ্র দখলসহ নানা অনিয়মের অভিযোগ এনে বিএনপি, স্বতন্ত্রসহ তিন প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। গতকাল সকাল আটটায় ভোট শুরু হওয়ার সাড়ে চার ঘণ্টার মধ্যে তাঁরা এই ঘোষণা দেন। তাঁরা হলেন বিএনপির প্রার্থী মন্তাজ মিয়া, স্বতন্ত্র প্রার্থী সোহেল ভূঞা ও সৈয়দ মশিউর রহমান।
দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার সড়ক বাজার এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ের নিচতলায় দলীয় প্রার্থী মন্তাজ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী সোহেল ভূঞা নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এর আগে ১১টার দিকে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মশিউর কান্নাজড়িত কণ্ঠে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের কাছে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন।
মন্তাজ মিয়া গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আইনমন্ত্রীর এপিএস রাশেদুল কবিরের নেতৃত্বে সাদা ক্যাপ লাগাইয়া বহিরাগতরা এলাকায় প্রবেশ কইরা প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছে। এসব বিষয়ে প্রশাসনকে জানানো হলেও তারা কোনো কর্ণপাত করেনি।’ তিনি আরও বলেন, ‘৮ নম্বর কেন্দ্র বাদে অন্য কেন্দ্রগুলোতে আমার এজেন্টদের যেতে দেওয়া হয়নি। এক বা দুজন গেলেও তাঁদের জোর করে বের করে দেওয়া হয়েছে। কেন্দ্র দখল ও ব্যাপক ভোট কারচুপির অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত দিয়ে স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সেই সঙ্গে আখাউড়ায় আবার নির্বাচন দিতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি।’
এই অভিযোগ অস্বীকার করে আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুল প্রথম আলোকে বলেন, ‘বিএনপির প্রার্থীর ছেলেকে প্রিসাইডিং কর্মকর্তা আটকে রেখেছিলেন। মন্তাজ ভাইয়ের অনুরোধে আমি রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাই।’
গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই পৌরসভার ১১টি কেন্দ্রে টানা ভোট নেওয়া হয়। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকালে তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে ভোটাররা এসব কেন্দ্রে উপস্থিত হন। নারী ভোটারদের উপস্থিতিই ছিল লক্ষণীয়। সকাল ১০টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশ লক্ষ করা গেছে কেন্দ্রগুলোয়। এ সময় শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ কেন্দ্রে ভিন্ন চিত্র দেখা গেছে। আওয়ামী লীগের প্রার্থী তাকজিল খলিফা ভোট দিতে এসে ভোটারদের সারিতে দাঁড়ান। ১৫ থেকে ২০ মিনিট সারিতে দাঁড়িয়ে থেকে তারপর ভোট দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন বলেন, ‘বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে তাঁর প্রধান এজেন্ট হারুনুর রশিদ ভূঁইয়া অভিযোগ জমা দিয়েছেন। অন্যদের কোনো অভিযোগ আমার কাছে আসেনি।’