আখাউড়ায় পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখাউড়া পৌর শহরে গতকাল বুধবার উপজেলা প্রশাসন পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। নিষেধাজ্ঞা অমান্য করায় অভিযানের প্রথম দিনে ছয়টি মোটরসাইকেল ও চারটি অটোরিকশাকে জরিমানা করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার শহরে মাইকিং করে ফুটপাতের অবৈধ দোকান সরিয়ে নিতে বলা হয়। একই সঙ্গে দিনের বেলায় শহরের এই সড়ক দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ভ্যান, ট্রাক ও ট্রাক্টর চলাচলে নিষেধাজ্ঞা জারি করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা জারি ও অভিযানের কারণে সড়কের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট সরে গেছে। শহরের প্রধান সড়ক দিয়ে দিনের বেলায় অটোরিকশা, পিকআপ ভ্যান ও ট্রাক চলাচলও বন্ধ আছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা পরিষদের সামনে থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত সড়কটি প্রায় এক কিলোমিটার। এটি শহরের প্রধান সড়ক। এই সড়কে পৌরসভার সামনে দিয়ে উত্তর দিক থেকে একটি ও মায়াবী সিনেমা হলের পাশ দিয়ে দক্ষিণ দিক থেকে আরও একটি সড়ক এসে মিলেছে। শহরের প্রধান বাজার সড়ক বাজারও এই সড়কের দুই পাশে।
এলাকাবাসী সূত্র জানায়, সম্প্রতি সড়কের দুই পাশের ফুটপাতে ফল, সবজি, মোরগ-মুরগিসহ নানা পণ্য বিক্রি শুরু হয়। অন্যদিকে ছোট ছোট যানগুলোও যেখানে-সেখানে দাঁড় করিয়ে রাখে। এই কারণে স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীদের দুর্ভোগ বাড়ে। ইউএনও মো. আহসান হাবীব বলেন, অবৈধ পার্কিং ও লাইসেন্স না থাকায় ছয়টি মোটরসাইকেল মালিককে জরিমানা করা হয়। চারটি অটোরিকশাকে দিনের বেলায় এই সড়কে চলাচলের জন্য জরিমানা করা হয়েছে। শহরকে পরিচ্ছন্ন রাখতে এ অভিযান অব্যাহত রাখা হবে।