আখাউড়ায় হয়রানির প্রতিবাদে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ গ্রাহকেরা হয়রানির প্রতিবাদে গতকাল মঙ্গলবার পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। তাঁরা ঘোষণা দিয়েছেন, সাত দিনের মধ্যে হয়রানি বন্ধ না হলে বিদ্যুৎ কার্যালয় ঘেরাওসহ বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।
পৌর শহরের শান্তিনগর, চন্দনসার ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার তিনটি গ্রামের প্রায় দেড় শবিদ্যুৎ গ্রাহক গতকাল এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। একপর্যায়ে তাতে পৌরসভার মেয়রও যোগ দেন। মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চ এলাকায় গিয়ে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে অভিযোগ করা হয়, পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের মতামতের তোয়াক্কা করে না। তারা ইচ্ছেমতো বিদ্যুতের বিল করে। এক হাজার টাকার নতুন মিটারের জন্য গ্রাহকদের কাছ থেকে ২০ থেকে ২৫ হাজার টাকা নিচ্ছে। গ্রাহকদের বাধা সত্ত্বেও পল্লী বিদ্যুৎ সমিতি পৌর শহরের তিন গ্রামকে শহর ফিডার থেকে আলাদা করে মোগড়া ইউনিয়নের বিদ্যুৎ-সংযোগের সঙ্গে যুক্ত করে দিয়েছে। এতে ওই তিন গ্রামের মানুষ বেশির ভাগ সময়ই বিদ্যুৎবিহীন থাকছে।
সমাবেশে পৌর মেয়র মো. তাকজীল খলিফা বলেন, কসবা-আখাউড়ার সাংসদ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক আখাউড়ার প্রতিটা ঘরে বিদ্যুতের প্রতিশ্রুতি দিয়েছেন। সেই অনুযায়ী তিনি কাজও করছেন। পল্লী বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে যে বাড়তি টাকা নিচ্ছে, এই অনিয়মের প্রতিকার করা হবে। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের আখাউড়ার আহ্বায়ক মুসলেহ উদ্দিন।
জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মামুন অর রশিদ বলেন, কোনো গ্রাহক দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা ব্যয় করলে আসলে তাঁদের কিছু করার থাকে না। তিনি বলেন, আখাউড়ায় বিদ্যুতের চাপ বাড়ায় চারটি ফিডার থেকে এখন পাঁচটি করা হয়েছে। এতে বিদ্যুতের হেরফের হচ্ছে না।