আখাউড়া, সরাইলে সংঘর্ষে আহত ৬০
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী দুই ব্যক্তির সমর্থক ও আত্মীয়স্বজনের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হন। জেলার সরাইলে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তিনটি সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এ ছাড়া ইউপি নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী কটিয়াদীর এক কলেজশিক্ষকের ওপর হামলা করে সন্ত্রাসীরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): আখাউড়ায় ইউপি নির্বাচন নিয়ে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষে একজন চেয়ারম্যান পদপ্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাত নয়টার দিকে আখাউড়া উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও একই ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. শরিফুল ইসলাম ও তাঁর পরিবারের আরও চার সদস্য সংঘর্ষে আহত হয়েছেন। তাঁরা বর্তমানে চিকিৎসাধীন। আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শরিফুল ইসলাম অভিযোগ করেন, তিনি, তাঁর বাবা, ভাইদের মারধরের ঘটনায় মনির হোসেনকে প্রধান আসামি করে থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কেউই এ ব্যাপারে অভিযোগ নিয়ে থানায় আসেনি। শরিফুল ইসলাম মুঠোফোনে অভিযোগ দেওয়ার কথা বলেছিলেন।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): গতকাল সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিকেল চারটার দিকে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ইকবাল হোসেনের ছোট ভাই নজরুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিদ্বন্দ্বী মনির উদ্দিন আহমেদের লোকজন। বিকেল পাঁচটার দিকে উপজেলা চেয়ারম্যান রফিকউদ্দিন ঠাকুর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলালউদ্দিন তাঁকে উদ্ধার করেন। বিকেল চারটার দিকে পূর্ব কুট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্য পদপ্রার্থী মো. সায়েদ মিয়া ও প্রতিদ্বন্দ্বী শিশু মিয়ার লোকজনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া মোড়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় অন্তত ১০ জন আহত হন। একই সময়ে শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের ইউপি সদস্য পদপ্রার্থী রঞ্জিত দেবনাথের লোকজনের ওপর প্রতিদ্বন্দ্বী ফরহাদ হোসেনের লোকজন হামলা করে। এতে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হলে অন্তত ১০ জন আহত হন। রঞ্জিত দেবনাথ পক্ষের চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বেলা একটার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাসানুল হক ও প্রতিদ্বন্দ্বী আবু মুসা ওসমানীর সমর্থকদের মধ্যে নোয়াগাঁও পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এ সময় কয়েকটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। বেলা আড়াইটা পর্যন্ত চলে এ সংঘর্ষ। পরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছয়টি রাবার বুলেট ছুড়ে ও লোকজনের ওপর লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদীতে নির্বাচন-উত্তর হামলার শিকার হয়েছেন প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী কলেজশিক্ষক মো. এনামুল হক। শুক্রবার রাতে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে তাঁকে হত্যার চেষ্টা করে। এর প্রতিবাদে শনিবার কটিয়াদী প্রেসক্লাবে কলেজশিক্ষক সমাজ ও সুধীজন সংবাদ সম্মেলনে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করেন। এতে বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা সুলতানাসহ কলেজের অন্য শিক্ষকেরা। উল্লেখ্য, গত ৪ জুন উপজেলার লোহাজুরী ইউপির নির্বাচনে রসুলপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মো. এনামুল হক।কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহাম্মেদ জানান, এ ব্যাপারে দ্রুত তদন্ত করা হবে এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।