আখাউড়া-আগরতলা রেলপথ, দিল্লির কাছে টাকা চায় ত্রিপুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত প্রস্তাবিত রেলপথ নির্মাণে জমি অধিগ্রহণের জন্য ভারত সরকারের কাছে টাকা চাইছে ত্রিপুরা সরকার। একই সঙ্গে দ্রুত রেলপথ নির্মাণের কাজ শুরুরও দাবি জানানো হয়েছে। তবে এই রেলপথ নির্মাণে দিল্লির কোন মন্ত্রণালয় টাকা দেবে—সেটাই এখন পর্যন্ত ঠিক হয়নি বলে জানা গেছে। 

২০১৩ সালে ১৬ ফেব্রুয়ারি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলার সঙ্গে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার মধ্যে রেল সংযোগ স্থাপনের বিষয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে সমঝোতা হয়। বাংলাদেশের নিশ্চিন্তপুর সীমান্ত দিয়ে মাত্র ১৫ কিলোমিটারের এই রেলপথ নির্মাণের খরচ ভারত সরকারেরই করার কথা। জানা গেছে, বাংলাদেশের ভেতরে ১০ কিলোমিটার রেলপথ স্থাপনের জন্য জমি অধিগ্রহণ পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। তবে ত্রিপুরায় ৫ কিলোমিটার রেলপথ নির্মাণে জমি অধিগ্রহণ নিয়ে সমস্যা রয়েছে। তাই ঠিক হয়েছে ভারতে এই রেলপথের মধ্যে তিন দশমিক সাত কিলোমিটার উড়ন্ত রেলপথ নির্মাণ করা হবে। এর জন্য প্রয়োজন ২৫ একর জমি। এই জমি অধিগ্রহণে লাগবে ৯৭ দশমিক ৬৩কোটি রুপি। ত্রিপুরা সরকার এই অর্থের ৬০ শতাংশ দ্রুত দেওয়ার জন্য দিল্লির কাছে আবেদন করেছে। ইতিমধ্যেই ত্রিপুরার পরিবহনমন্ত্রী মানিক দে রাজ্য সরকারের তরফ থেকে স্মারকপত্র দিয়েছেন রেল মন্ত্রণালয়কে।
আজ মঙ্গলবার এ বিষয়ে জানতে চাইলে ত্রিপুরার পরিবহনমন্ত্রী প্রথম আলোকে বলেন, দিল্লির পক্ষ থেকে এখনো কোনো জবাব পাওয়া যায়নি। একই সঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক এই রেলপথ নির্মাণে ভারতীয় অংশের অর্থ কোন মন্ত্রণালয় দেবে ভারত সরকার এখনো ঠিক করে উঠতে পারেনি। তবে বাংলাদেশের অভ্যন্তরে রেলপথ নির্মাণের প্রয়োজনীয় অর্থ দেবে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মানিক দের মতে, এই রেলপথ নির্মাণ হলে এটি আগরতলা-আখাউড়া হয়ে চট্টগ্রাম-সিলেটের পাশাপাশি ঢাকা-কলকাতার সঙ্গেও রেল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হবে। তাই দ্রুত অর্থ বরাদ্দ হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
প্রসঙ্গত, আগরতলা ইতিমধ্যেই গোটা দেশের সঙ্গে ব্রডগেজ লাইনে যুক্ত হয়েছে। সম্প্রতি আগরতলা স্টেশনে পরীক্ষামূলকভাবে ব্রডগেজ লাইন দিয়েই যাত্রীবাহী ট্রেনও এসেছে। আগামী মার্চ মাসের মধ্যেই পুরোদমে রেল সার্ভিস চালু হওয়ার কথা। ত্রিপুরায় রেল সম্প্রসারণ নিয়েও কাজ চলছে পুরোদমে। তবে আগরতলা-আখাউড়া রেলপথ নির্মিত হবে মিটারগেজ লাইনে।