‘বারবার জীবন ভিক্ষা চাইলাম। বললাম, এখনই বাপের বাড়ি চলে যাব, আমাকে ছেড়ে দাও। কিন্তু আমার কোনো কথাই শুনল না। খুন্তি দিয়ে আমাকে পেটাতে শুরু করে। দা দিয়ে কোপ দেয় মাথায়। রক্তে ভেসে যাচ্ছিল ঘর। তার পরও আমাকে লাথি মারতে থাকে।’ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে স্বামীর নির্যাতনের এমন বর্ণনাই দিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিনের স্ত্রী শাহীনা আক্তার লাভলী। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাকচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাড়া বাসা থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় তাঁর স্বামী মেজবাহ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।এ ঘটনায় শাহীনার বাবা হাফিজুর রহমান ভূঁইয়া গতকাল শনিবার সদর থানায় মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।শাহীনা জানান, ২০০৫ সালে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁরা ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ মোড়াইলে বসবাস করে আসছিলেন। একসময় তিনি জানতে পারেন, স্বামী মেজবাহর সঙ্গে তাঁর এক মামাতো বোনের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ছোট বোনের বিয়ে হয়ে গেলেও ওই মেয়ে এখনো বিয়ে করেনি। মেজবাহকে বিয়ে করবে বলে অপেক্ষা করছে। ওই বোনের সঙ্গে প্রায় প্রতিদিন মেজবাহ ফোনে কথা বলেন। এতে বাধা দিলেই মেজবাহ তাঁর ওপর নির্যাতন করতেন।শাহীনা আরও বলেন, ‘শুক্রবার সকাল থেকেই মেজবাহ আমাকে মারধর শুরু করে। দিনভর চলে নির্যাতন। ঘরে তালা দিয়ে আমাকে আটকে রাখে। এ অবস্থায় পুলিশ শুক্রবার রাত ১১টার দিকে আমাকে উদ্ধার করে নিয়ে আসে।’ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের শল্য বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক আমান উল্লাহ জানান, শাহীনার মাথা ও তলপেটে আঘাতের চিহ্ন রয়েছে।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, মেজবাহ উদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।