আখাউড়া, কুমারখালী ও মুলাডুলিতে ১৪৪ ধারা জারি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কুষ্টিয়ার কুমারখালী ও পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে নাশকতার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আখাউড়ায় সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা, কুমারখালীর পৌর এলাকায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা ও মুলাডুলিতে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
আখাউড়া: হরতালের পক্ষে বিএনপি ও বিপক্ষে আওয়ামী লীগ মাঠে নামছে—এমন খবরে আজ সকাল আটটায় আখাউড়া পৌর শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ তথ্য প্রচার করতে প্রশাসনের পক্ষে শহরে মাইকিং করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা শহরে সব ধরনের মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খুরশীদ শাহরিয়ার প্রথম আলো ডটকমকে জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
কুষ্টিয়া: কুমারখালীর ভারপ্রাপ্ত ইউএনও আরিফ উজ জামান প্রথম আলো ডটকমকে জানান, নাশকতার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিকে হরতালের সমর্থনে সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের থানার পাশে ককটেল বিস্ফোরণ ও সড়কে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় পিকেটাররা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সকালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে ছাত্রশিবির। পুলিশ গেলে তারা পালিয়ে যায়।
ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীর ইউএনও অফিস সূত্রে জানা যায়, আজ সকাল ১০টায় মুলাডুলি রেলগেটসংলগ্ন এলাকায় স্থানীয় বিএনপি-জামায়াত সমাবেশের আয়োজন করে। একই সময় একই জায়গায় মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সভা-সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। এ কারণে রাজনৈতিক সহিংস ঘটনার আশঙ্কায় ঈশ্বরদীর ইউএনও মোহাম্মদ সানোয়ার হোসেন মুলাডুলির সমগ্র ইউনিয়ন, ঈশ্বরদী-নাটোর মহাসড়ক ও দাশুড়িয়া ট্রাফিক মোড় পর্যন্ত ১৪৪ জারি করেন। গতকাল সোমবার রাতে এই আদেশ জারি করা হয়।