আখাউড়া দিয়ে ভারতীয় চাল পরিবহন আজ থেকে শুরু
ভারতের অন্ধ্র প্রদেশ থেকে আনা চাল ত্রিপুারায় নেওয়ার জন্য আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করা জাহাজ থেকে নামিয়ে গতকাল বুধবার কাভার্ড ভ্যানে তোলা হয়েছে। ঢাকা থেকে কাভার্ড ভ্যান আসতে দেরি হওয়ায় বিকেলে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভারতীয় এই চাল পরিবহন শুরু হবে।
দুই দেশের সরকারের উচ্চপর্যায়ে আলোচনার পর ১৯৭২ সালের নৌ-প্রটোকল চুক্তির আওতায় বিনা শুল্কে ১০ হাজার টন খাদ্যশস্য ত্রিপুরা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। এ জন্য বাংলাদেশের পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ ওরিয়েন্ট সি ওয়েজকে কার্যাদেশ দেওয়া হয়। প্রথম দফায় গত ১৪ জুলাই কলকাতার ডায়মন্ড হারবার পোর্ট থেকে পাঁচ হাজার ৮০ মেট্রিক টন চাল পাঁচটি জাহাজে তোলা হয়। এরপর গত মঙ্গলবার এই চাল আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌঁছে। বাংলাদেশের ৩৫০ কিলোমিটার জলপথ, ৫০ কিলোমিটার সড়কপথ, আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে এ খাদ্যশস্য ভারতের ত্রিপুরা রাজ্যে যাবে। নৌ-প্রটোকল চুক্তির আওতায় বিশেষ মানবিক কারণে কোনো প্রকার শুল্ক ও ব্যাংক নিশ্চয়তা ছাড়াই এ চাল বাংলাদেশের ভেতর দিয়ে ভারতে যাবে। কোনো প্রকার শুল্ক না পেলেও চাল নামানোর ও পরিবহনের খরচ বাংলাদেশ পাবে।
ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ ওরিয়েন্ট সিওয়েজের মহাব্যবস্থাপক মিজানুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, পাঁচটি কার্গো জাহাজে মোট এক লাখ ৩০ হাজার বস্তা চাল রয়েছে। প্রতি বস্তায় প্রায় ৫০ কেজি করে চাল। আজ বৃহস্পতিবার সকাল থেকে চাল পরিবহন শুরু হবে। আশুগঞ্জ নৌবন্দরের চাল পরিবহনের স্থানীয় ঠিকাদার আতাউর রহমান বলেন, ভারতীয় চাল ত্রিপুরায় পাঠাতে ৩৫০ ট্রাকের প্রয়োজন পড়বে।
বিআইডব্লিওটিএর পরিচালক (নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা) শফিকুল হক জানান, প্রতি টন খাদ্যশস্য জাহাজ থেকে আশুগঞ্জ নৌবন্দরে নামানো বাবদ (এলএসসি) ৩০ টাকা করে পাবে।
ব্রাহ্মণবাড়িয়া কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা ও সহকারী কমিশনার আহসান উল্লাহ জানান, নরসিংদীর শিবপুরে দুর্ঘটনার জন্য কাভার্ড ভ্যান আসতে দেরি করায় গতকাল আখাউড়া স্থলবন্দর দিয়ে গতকাল চাল পাঠানো সম্ভব হয়নি। এই চাল পাঠাতে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর বলেন, জাহাজ ও চালের নিরাপত্তার দেওয়ার জন্য আশুগঞ্জ নৌবন্দরে পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প বসানো হবে। আর চাল আশুগঞ্জ থেকে আখাউড়ার স্থলবন্দর পর্যন্ত পুলিশি প্রহরায় পাঠানো হবে।