আখাউড়া পৌরসভার মেয়র পদে উপনির্বাচন আজ
আজ বৃহস্পতিবার আখাউড়া পৌরসভার মেয়র পদে উপনির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বাইরে আরও দুজন প্রার্থী রয়েছেন। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ১০টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আখাউড়া পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ২০ হাজার ৭৬৪ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ১৪ জন এবং নারী ভোটার ১০ হাজার ৭৫০ জন। মোট কেন্দ্র ১০টি, বুথের সংখ্যা ৫৬টি।মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন: পৌর বিএনপির সাবেক সভাপতি হাছিব হুমায়ুন (দোয়াত-কলম), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাকজিল খলিফা (মাইক), উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন (চশমা), আওয়ামী লীগের সহসভাপতি মো. মাইনুল ইসলাম (আনারস), স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির ভুঁইয়া (তালা) ও মো. ফারুক আহমদ (দেয়ালঘড়ি)।আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী মুহাম্মদ ফারুক আহম্মদ প্রথম আলোকে বলেন, নির্বাচন চলাকালে শহরে সাধারণ যান চলাচল নিষিদ্ধ থাকবে। তবে উপনির্বাচন বলে সাধারণ ছুটি থাকছে না।