আখাউড়া পৌরসভায় আজ ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অপসারণের দাবিতে আজ বৃহস্পতিবার আখাউড়া পৌরসভায় ধর্মঘট ডাকা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ইউএনও ব্যবসায়ীদের মারধর করেছেন এমন অভিযোগে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরে আখাউড়া পৌরসভায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ফুটপাত দখল করে ব্যবসার অভিযোগে চারজন ব্যবসায়ীকে সাত দিন করে কারাদণ্ড ও কয়েকজনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীরা আখাউড়া পৌরসভার মেয়রের নেতৃত্বে তৎক্ষণাৎ বিক্ষোভ মিছিল বের করেন। সন্ধ্যায় সড়কবাজার দোতলা মসজিদের সামনে তাঁরা এক সমাবেশে মিলিত হন। এতে পৌরসভার মেয়র তাকজিল খলিফা অভিযোগ করে বলেন, ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বৈধ ব্যবসায়ীদেরও মারধর করেছেন। তাই তাঁকে অপসারণ করতে হবে। বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে ইউএনওকে অপসারণ করা না হলে বিকেলে সমাবেশ করে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।জানতে চাইলে ইউএনও মুহাম্মদ আবুল হাসেম ব্যবসায়ীদের মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কাউকে মারধর করা হয়নি। শহর যানজটমুক্ত রাখতেই এ অভিযান চালানো হচ্ছে। সাধারণ মানুষ এর সুফলও পেয়েছে। তিনি বলেন, মূলত বাজার ইজারার নামে ফুটপাতে বসা দোকান থেকেও চাঁদা আদায় করে পৌরসভা। ভ্রাম্যমাণ আদালতের কারণে সেই চাঁদা আদায় করা যাচ্ছে না বলেই এমন করা হচ্ছে।