আখাউড়া পৌরসভায় নির্বাচনী হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। আগামী ১২ জানুয়ারি এই নির্বাচন হবে।উপনির্বাচনকে কেন্দ্র করে গ্রামভিত্তিক ঐক্য গড়ে একক প্রার্থী ঘোষণা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলো প্রার্থী নির্ধারণে বৈঠক করছে বলে জানা গেছে।এ বছরের ১৫ অক্টোবর আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এন এম হাসান খানের মৃত্যুতে মেয়রের পদটি শূন্য হয়। ৪ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। গত মেয়র নির্বাচনে শক্তিশালী প্রার্থী ছিলেন উপজেলা যুবলীগের নেতা তাকজিল খলিফা। তিনি আনুষ্ঠানিকভাবে এবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।সূত্র জানায়, এটি দলীয় নির্বাচন না হলেও আওয়ামী লীগ ও বিএনপি তাদের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে। পৌর এলাকার দেবগ্রামের ভোটাররা ইতিমধ্যে একক প্রার্থী বাছাই করেছেন। একইভাবে পৌর এলাকার মসজিদপাড়া, কলেজপাড়া, নারায়ণপুর গ্রামের বাসিন্দারা তাঁদের এলাকা থেকে ঐক্যবদ্ধভাবে প্রার্থী দেওয়ার ব্যাপারে সভা করেছেন।মেয়র পদে দলীয় সমর্থনের বিষয়ে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আবদুল মতিন বলেন, ‘গত নির্বাচনে একাধিক প্রার্থী হওয়ায় দলের সমর্থিত প্রার্থী জয়ী হতে পারেনি। এবার তাই একক প্রার্থী দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’ আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মুসলেহ উদ্দিন বলেন, ‘সাবেক মেয়র হাসান খান ছিলেন দলের সাধারণ সম্পাদক। মেয়রের এই পদটি ধরে রাখতে বিএনপি সর্বাত্মক চেষ্টা করবে।’