আখাউড়া মুক্ত দিবস পালিত
৬ ডিসেম্বর আখাউড়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতাসংগ্রামে দেশের পূর্বাঞ্চলের প্রবেশদার খ্যাত আখাউড়া পাকিস্তানি হানাদার বাহিনী মুক্ত হয়। বিজয়ের এই দিনে ১৯৭১ সালে আখাউড়া পোস্ট অফিসের সামনে উত্তোলন করা হয় লাল-সবুজ পতাকা। একই স্থানে আজ মঙ্গলবার সকালেও পতাকা উত্তোলন করা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের আয়োজনে দিনটি আনন্দ শোভাযাত্রা, উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি আনিছুজ্জামানের সভাপতিত্বে পোস্ট অফিস চত্বরের অনুষ্ঠানে বক্তৃতার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামছুজ্জামান বলেন, তিনি মুক্তিযোদ্ধার সন্তান। যোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। এখন সন্তানদের যুদ্ধ শেষ হয়নি। দেশকে রাজাকারমুক্ত করতে মুক্তিযোদ্ধার সন্তানদের যুদ্ধ করে যেতে হবে।
আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা বলেন, আখাউড়া মুক্ত দিবসটি প্রতিবছর উৎসব আয়োজনে পালন করা হবে।
আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবু সাইয়িদ মিয়া বলেন, ১৯৭১ সালের এই দিনে আখাউড়ার পোস্ট অফিসের সামনে উত্তোলন করা হয় লাল-সবুজ পতাকা। এর আগে ৪ ও ৫ ডিসেম্বর আখাউড়ার আজমপুর এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আখাউড়া আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন ও মুক্তিযোদ্ধার সন্তানেরা।