আখাউড়া-সিলেট রেলপথে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন
রেললাইনের পাতে প্রয়োজনীয় সংখ্যক ক্লিপ নেই। রেলপাতের সঙ্গে স্লিপারের সংযোগ স্থাপনকারী নাট-বল্টুও চুরি হয়ে গেছে। এতে এ রেলপথ দিয়ে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। এ দুরবস্থা আখাউড়া-সিলেট রেলপথের। জনবল ও সরঞ্জামের সংকটের কারণে রেলপথটি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আখাউড়া-সিলেট রেলপথে প্রতিদিন নয়টি ট্রেন চলাচল করে। এ পথকে পাঁচটি ভাগে ভাগ করে কার্যক্রম পরিচালনা করা হয়। আখাউড়া জংশনে কর্মরত গণপূর্তের (রেল) উপসহকারী প্রকৌশলী রুহুল আক্তার বলেন, এই পাঁচটি অংশে রেলপথের সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য ১০০ জন করে কর্মচারী থাকার কথা। তবে জনবল এতই কম যে পাঁচটি অংশে মাত্র ২০০ জন (শ্রমিক) কাজ করছেন। উপসহকারী প্রকৌশলী রুহুল আক্তার আরও বলেন, আখাউড়া-সিলেট রেলপথের শমশেরনগর থেকে সিলেট পর্যন্ত অংশও কিছুটা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে।আখাউড়া-সিলেট রেল সেকশনের শমশেরনগর থেকে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা ঘুরে দেখা যায়, নড়বড়ে রেলপথের ওপর দিয়ে ট্রেন চলাচল করছে। রেলসেতুর এলাকাসহ এ পথের বিভিন্ন স্থানে রেলপাতের সঙ্গে স্লিপারের সংযোগ স্থাপনের জন্য ব্যবহূত নাট-বল্টু চুরি হয়ে গেছে। অনেক জায়গায় দুটি রেলপাতের সংযোগকারী ফিসপ্লেটে আটটি নাট-বল্টুর স্থলে পাঁচ-ছয়টি নাট-বল্টু আছে। এ ছাড়া স্লিপারের সঙ্গে রেলপাতের সংযোগ স্থাপনের জন্য ব্যবহূত ক্লিপ চুরি হয়ে গেছে। নড়বড়ে রেলপাতের কারণে ১৮ জানুয়ারি ভানুগাছ এলাকায় সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছিল।কুলাউড়া ও শমশেরনগর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী বাঘেরটেকী থেকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক পর্যন্ত ১৮ কিলোমিটার পথে দায়িত্বপ্রাপ্ত কি-ম্যান সুলতান মিয়া ও মিস্ত্রি আবদুল হাই বলেন, তাঁরা গণপূর্তর (রেল) অধীনে কাজ করেন। তাঁদের দলে ২৪ জনের জায়গায় চারজন কর্মরত আছেন। লোকবলের সংকটের কারণে তাঁরা সঠিকভাবে কাজ করতে পারছেন না।আখাউড়া-সিলেট রেলপথের শ্রীমঙ্গলের গণপূর্ত বিভাগের (রেল) উপসহকারী প্রকৌশলী মো. ইমরান জানান, এ রেলপথের লোকবলের সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।