আখাউড়া সীমান্ত দিয়ে আসছে মাদক!
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজমপুর সীমান্তের ২০১৮/এস ও ২০১৯ নম্বরের সীমান্ত খুঁটির মধ্যবর্তী এলাকায় ভারতের কাঁটাতারের বেড়ার পকেট গেট দিয়ে দুই ব্যক্তি বেরিয়ে আসে। ব্যাগ হাতে তারা বাংলাদেশ সীমানার দিকে এগোতে থাকে। এ সময় সেখানে দায়িত্বরত বিজিবির টহল দল কিছুটা এগিয়ে গেলে ওই দুই ব্যক্তি ব্যাগ ফেলে ওই পকেট গেট দিয়ে ভারতে ঢুকে যায়। ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনাটি ২৪ জানুয়ারি, ২০১২। দুপুর প্রায় ১২টা।বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্রাহ্মণবাড়িয়া ১২ ব্যাটালিয়ন সূত্র জানায়, ভারতের কাঁটাতারের বেড়ার ওই পকেট গেট নিয়ন্ত্রণ করে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের সহায়তা ছাড়া ওই দুই ব্যক্তির মাদক নিয়ে ওই গেট পেরিয়ে আসা বা আবার ঢুকে পড়া সম্ভব নয়। বিজিবির অভিযোগ, বাংলাদেশে মাদক পাচারে পাচারকারীদের সহায়তা করছে খোদ বিএসএফ।বিএসএফের সহায়তা ছাড়াও ভারতের পাচারকারীরা নানা কৌশলে বাংলাদেশে মাদক পাচার করছে। এতে কোনো কোনো ক্ষেত্রে বিজিবির যোগসাজশেরও অভিযোগ উঠছে। আখাউড়ার স্থানীয়দের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।বিজিবি ১২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের টহলের আওতায় হবিগঞ্জের মাধবপুরের একাংশ, বিজয়নগর ও আখাউড়ার মোট ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ভারতের অংশে প্রায় ৬৬ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে দেশটি। ওই বেড়ার নির্দিষ্ট দূরত্ব পর পর রয়েছে পকেট গেট। এই গেট নিয়ন্ত্রণ করে বিএসএফ। ওই গেটের বাইরে থাকা ভারতীয় অংশে চাষাবাদ আছে ভারতীয়দের। প্রয়োজনে বিএসএফের সহায়তা নিয়ে তারা যাতায়াত করে। পাচারকারীরা বিএসএফের সহায়তা নিয়েই বাংলাদেশে মাদক পাচার করে।বিজিবি সূত্র জানায়, ৩১ জানুয়ারি সকাল সাতটার দিকে বিজয়নগরের মুকুন্দুপুর সীমান্তের ২০০৮ নম্বর সীমান্ত খুঁটির কাছে কাঁটাতারের পকেট গেট দিয়ে চার ব্যক্তি বেরিয়ে আসে। তারা চারটি কার্টনভর্তি মাদক নিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই পকেট গেট দিয়ে ভারতে ঢুকে যায় তারা। তাদের ফেলে যাওয়া মাদক উদ্ধার করে বিজিবি। আজমপুর ও মুকুন্দুপুরের দুই ঘটনায় বিজিবির সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডার বিএসএফের কাছে প্রতিবাদপত্র পাঠায়। পরে ৬ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া ১২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক মোস্তাফিজুর রহমান ভারতের আগরতলা ৬ বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়কের কাছে প্রতিবাদ জানান। উভয় ক্ষেত্রেই বিএসএফ মাদক পাচারে সহায়তার অভিযোগ অস্বীকার করে। এদিকে সীমান্তের বাসিন্দারা জানান, পকেট গেটের পাশাপাশি কাঁটাতারের বেড়ার যেসব স্থানে নর্দমা ও খালে সংযুক্ত কংক্রিটের মোটা পাইপ রয়েছে, সেই পাইপ ব্যবহার করা হচ্ছে মাদক পাচারে। রাতের অন্ধকারে ভারত থেকে কংক্রিটের পাইপের ভেতর দিয়ে মাদক ঠেলে দেওয়া হয়। পরে সেগুলো পাচার হয়ে বাংলাদেশে আসে। সম্প্রতি সরেজমিনে আজমপুর সীমান্তে কাঁটাতারের বেড়ার নিচে ঘেঁষে পানি নিষ্কাশনের জন্য কংক্রিটের মোটা পাইপ দেখা যায়। সীমান্তের সংলগ্ন কল্যাণপুর গ্রামের বাসিন্দা আবদুল বাছির মিয়া (৫৫) অভিযোগ করেন, বিএসএফের পাশাপশি বিজিবির কিছু সদস্যও মাদক পাচারে সহায়তা করছেন। এই কারণেই সীমান্ত দিয়ে মাদক বেশি আসছে। যোগাযোগ করা হলে ১২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মাদক পাচারে বিএসএফের সহায়তার প্রতিবাদ জানানো হয়েছে। বিজিবি কাঁটাতারের পকেট গেট এলাকাসহ সীমান্তে টহল জোরদার করেছে। স্থানীয়দের সচেতন করতেও কাজ করছে। পাচারের সঙ্গে বিজিবির সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, বিজিবি সদস্যদের চোখ এড়িয়ে কিছু পাচার হতে পারে।