আখাউড়া সীমান্তে বেড়া নির্মাণের অনুমতি পেয়েছে বিএসএফ
আখাউড়ার আজমপুর সীমান্তের ৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমতি পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিডিআর সূত্র গতকাল শনিবার জানিয়েছে, বেড়া নির্মাণের ব্যাপারে দুই দেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে। ১৯৭৪ সালে সম্পাদিত সীমান্ত নির্দেশনা (বর্ডার গাইডলাইন) অনুযায়ী, ১৫০ গজের মধ্যে কোনো দেশই কোনো স্থাপনা তৈরি করতে পারে না।আজমপুর বিডিআর ফাঁড়ি সূত্রে জানা গেছে, সীমান্তের ২০১৯ মেইন পিলারের সাবপিলার ৯-এস ও ১০-এস পিলারের মাঝামাঝি এলাকায় দীর্ঘদিন ধরেই বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছিল। গত শুক্রবার দুপুরে তাঁরা বেড়া নির্মাণ করতে এলে বিডিআর বাধা দেয়। এতে উত্তেজনা সৃষ্টি হয়। এর পরই বিষয়টি সুরাহার জন্য গতকাল সকাল সাড়ে নয়টায় বিডিআর-বিএসএফের পতাকা বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বিডিআর ১ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মাসরুর সাংবাদিকদের বলেন, সীমান্তের ১৫০ গজের মধ্যে কোন জায়গায় বেড়া নির্মাণ করা যাবে, তা মাপজোকের পর বিএসএফকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক আবু সালেহ্ প্রথম আলোকে বলেন, সীমান্তের ওই এলাকার ৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে সিদ্ধান্তটি নিয়েছে দুই দেশের সরকার।