আখাউড়া স্টেশনে ট্রেন লাইনচ্যুত, হুড়োহুড়িতে দুজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশনে গত বুধবার দিবাগত রাতে ঢাকা থেকে চট্টগ্রামগামী মেইল ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় হুড়োহুড়িতে দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত ৪০ জন।
মৃত দুই যাত্রী হলেন নেত্রকোনা শহরের বারহাট্টার মোস্তাকিম (২৫) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের নূরুল আমিন (৪৫)।
দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে প্রায় ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আখাউড়া-ঢাকা পথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনও বন্ধ থাকে।
ট্রেনের যাত্রী, রেলওয়ে পুলিশ ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত তিনটার দিকে তিতাস রেল সেতু পার হয়ে আখাউড়া স্টেশনে ঢোকার আগে কুমারপাড়া এলাকায় ট্রেনটিকে থামতে সংকেত (লালবাতি) দেওয়া হচ্ছিল। এ সময় ট্রেনটি থামতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনের মাঝখান থেকে একটি প্রথম শ্রেণীর যাত্রীবাহী বগি মূল ট্রেন থেকে ছিটকে উল্টে যায়। এ সময় তন্দ্রাচ্ছন্ন যাত্রীদের হুড়োহুড়িতে দুজনের মৃত্যু হয়। আহত হয় ৪০ জন। প্রথম শ্রেণীর বগিতে ১৮ জন যাত্রী ছিল।
ট্রেনযাত্রী আলী আশরাফ জানান, ট্রেনটি ভৈরব ছাড়ার কিছু সময় পরই তিনি যে বগিতে ছিলেন, এর পাশের প্রথম শ্রেণীর বগিতে শব্দ হচ্ছিল। আখাউড়া স্টেশনে ঢোকার সময় ট্রেনে বেশ গতি ছিল। হঠাৎ ঝাঁকুনি দিয়ে ট্রেনটি কিছু দূর গিয়ে থেমে যায়।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহ আলম বলেন, আহত যাত্রীদের ২৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ১৪ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী রাতের আন্তনগর তূর্ণা নিশীথা ও কয়েকটি মেইল ট্রেন আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের কয়েকটি স্টেশনে আটকা পড়ে। গতকাল সকাল নয়টার দিকে এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ঢাকা) সরদার শাহাদাত আলী বলেন, প্রথম শ্রেণীর ওই বগিটি কিছুদিন আগে এই ট্রেনে সংযোগ করা হয়। ট্রেনের ইঞ্জিন থেকে ছয় বগি পর এটি ছিল। মাঝখান থেকে শুধু একটি বগিই কেন ছিটকে গেল, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি সাইদুল ইসলাম বলেন, নিহত দুই ট্রেনযাত্রীর লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।