আখাউড়া স্টেশনে ট্রেনে আগুন, তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রা‏‏‏হ্মণবাড়িয়ার আখাউড়া জংশন স্টেশনে একটি ট্রেনের মালবাহী বগিতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বগিতে রাখা জুতা ও প্লাস্টিক সামগ্রী পুড়ে গেছে। এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

আখাউড়া রেলওয়ে, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি রাত ২টা ৪৫ মিনিটে আখাউড়া স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে যাত্রাবিরতি করে। এ সময় ঢাকাগামী আন্তনগর নিশিথা, চট্টগ্রামগামী উদয়নসহ চারটি ট্রেনকে পাস দেওয়ায় নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি ছাড়তে দেরি হয়ে হয়। রাত তিনটার দিকে হঠাৎ ট্রেনের ৩৫২২ নম্বর মালবাহী বগি থেকে প্রথমে ধোঁয়া ও পরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে দেখা যায়।

এ সময় আগুন দেখে আতঙ্কে ট্রেনের যাত্রীরা চিৎকার শুরু করে। তাৎক্ষণিক রেলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরে আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর পাঠান। রাত সাড়ে তিনটায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে সাড়ে চারটায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই বগিতে থাকা জুতা ও প্লাস্টিকের মালামাল পুড়ে যায়।

আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক এ এম মফিজুর রহমান বলেন, প্রায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুস সাত্তার বলেন, ট্রেনের বগির দরজা বাইরে থেকে লাগানো থাকায় ধারণা করা হচ্ছে ভেতরেই আগুনের সূত্রপাত হয়েছে।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট খলিলুর রহমান জানান, এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।