১০ নভেম্বর আগরতলা সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় যাবেন বলে জানা গেছে। আখাউড়ার সীমানা পার হয়ে ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশে যে পথে তিনি যাবেন, সে রাস্তাটি মেরামত করার কারণে আজ বুধবার থেকে ১০ নভেম্বর বুধবার পর্যন্ত টানা আট দিন আগরতলা অংশে ভারী যান চলাচল বন্ধ থাকবে। এ কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ ছাড়া সব পণ্যের রপ্তানি বন্ধ থাকবে। স্থলবন্দরের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, মন্ত্রীর নিরাপত্তার জন্য ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত তিন দিন বন্দর দিয়ে সব পণ্যের আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বলেন, তিনি আগরতলায় গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আগরতলা সফর উপলক্ষে আগরতলা স্থলবন্দর ও রাস্তার উন্নয়ন করা হবে। তাই তাঁরা আজ বুধবার থেকে পরের বুধবার, অর্থাৎ মন্ত্রীর সফরের দিন পর্যন্ত মাছ ছাড়া কোনো পণ্যের রপ্তানি করবেন না।স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, আখাউড়া স্থলবন্দরটি প্রায় শতভাগ রপ্তানিমুখী। প্রতিদিন মাছসহ শতাধিক জাতের পণ্য ভারতের ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে রপ্তানি করা হয়। যা থেকে দিনে প্রায় ৮০ লাখ টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়।প্রসঙ্গত, গত ১১ অক্টোবর ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের আখাউড়ার অংশের ক্ষতিগ্রস্ত এলাকা মেরামতের দাবিতে ব্যবসায়ীদের ধর্মঘট এবং ১৫ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত আগরতলার ব্যবসায়ীরা দুর্গাপূজার ছুটি ঘোষণা করলে মোট আট দিন এ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।