আখাউড়া স্থলবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট সোমবার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তা সংস্কারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করা হয়েছে। বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতি এবং সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতি যৌথভাবে এ ধর্মঘট ডেকেছে। গতকাল শনিবার দুপুরে সংগঠন দুটির যৌথ বৈঠক শেষে এ কথা জানানো হয়।আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম জানান, ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের আখাউড়ার ধরখার থেকে স্থলবন্দর পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কের অবস্থা খুবই বেহাল। রপ্তানি পণ্যবোঝাই ট্রাকগুলো চলাচল করতে গিয়ে সমস্যায় পড়ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার বলা হলেও তারা রাস্তা সংস্কার করছে না। নিরুপায় হয়ে রাস্তা মেরামতের দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে।স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, সড়কের আখাউড়া অংশের টান মান্দাইল এলাকায় গত বুধবার থেকে দেড় শতাধিক ট্রাক আটকে আছে। এতে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়েছে এবং হচ্ছে।স্থলবন্দরের শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, এ বন্দর দিয়ে ভারতের ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে প্রতিদিন মাছ, সিমেন্ট, পাথর, ইট, প্লাস্টিকের পণ্য, গ্লাস, পাট ও পাটজাত দ্রব্যসহ বিভিন্ন পণ্য শতাধিক ট্রাকে করে রপ্তানি হয়।বন্দরের শুল্ক কর্মকর্তা মো. আবুল বাশার চৌধুরী বলেন, বন্দরটি প্রায় শতভাগ রপ্তানিমুখী। ব্যবসায়ীরা ধর্মঘটে গেলে প্রতিদিন প্রায় ৮০ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হবে বন্দর।ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘সওজ সাধ্যমতো চেষ্টা করছে। কিন্তু রাস্তার টান মান্দাইল এলাকার মাটি খারাপ। বৃষ্টির ফলে আরও খারাপ হয়ে গেছে। এই মুহূর্তে রাস্তা মেরামত করা সম্ভব নয়।’