আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাকশ্রমিকদের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে গতকাল রোববার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারী পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়। তবে সকালে ত্রিপুরায় মাছ রপ্তানি করা হয়। দুই দেশের মধ্যে যাত্রী পারাপারও স্বাভাবিক থাকে। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূইয়া প্রথম আলোকে বলেন, জেলার ট্রাকশ্রমিকেরা বন্দরের নিয়ম মানতে চাইছেন না। তাঁরা তাঁদের মতো করে চলতে চাইছেন। ব্যবসায়ীদের সঙ্গে শ্রমিকেরা অসৌজন্যমূলক আচরণ করেছেন। এর প্রতিবাদে ব্যবসায়ীরা সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন।অভিযোগ অস্বীকার করে ব্রাহ্মণবাড়িয়া ট্রাক মালিক সমিতির সভাপতি স্বপন সরকার বলেন, একজন শ্রমিককে মালামাল নিয়ে বন্দর ইয়ার্ডে তিন থেকে চার দিন আটকে থাকতে হয়। অথচ ব্যবসায়ীরা নিয়ম ভাঙেন। তাঁরা অনৈতিকভাবে লাইন থেকে তাঁদের নাম আগে নিয়ে নেন।