ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএসএফ) সদস্যদের হাতে বাংলাদেশি ট্রাকচালক ও তাঁর সহযোগী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ধর্মঘট শুরু করেছেন ট্রাকচালকেরা। এতে করে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।ধর্মঘটকারী ট্রাকচালকেরা অভিযোগ করেছেন, গত বুধবার বিকেলে রপ্তানির পণ্য খালাস করতে কয়েকটি ট্রাক আগরতলা সীমানায় ঢোকে। প্রবেশপথে আগরতলা সীমান্তে দায়িত্বরত কয়েকজন বিএসএফ সদস্য বাংলাদেশি ট্রাকের একজন চালক ও সহযোগীকে লাঞ্ছিত করেন।আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে ট্রাকচালকদের ধর্মঘটের কারণে বন্দরে ২০০টিরও বেশি রপ্তানির পণ্যবোঝাই ট্রাক আটকে আছে। আটক ট্রাকগুলোতে পাথর, সিমেন্ট, চিটাগুড় ও প্লাস্টিকের সামগ্রী রয়েছে। আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা (এলসিও) মো. আবুল বাশার চৌধুরী প্রথম আলোকে বলেন, কাল (আজ) শুক্রবার ছুটির দিন হওয়ায় বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। ধর্মঘট প্রত্যাহার হলেও আটকে থাকা প্রায় ২০০ ট্রাকের পণ্য রপ্তানি হতে সোমবার পর্যন্ত লেগে যাবে।