আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গতকাল সোমবার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতি ও সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতি পণ্যবাহী ট্রাক চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবিতে এই ধর্মঘটের ডাক দেয়। সংগঠন দুটি ঘোষণা দিয়েছে, তাঁদের দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি চলবে। আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের আখাউড়া অংশের ১৬ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ। সময়মতো মেরামত না করায় রাস্তাটি এখন ভারী যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, তাঁদের দাবি মেনে না নিলে ধর্মঘট প্রত্যাহার করা হবে না। স্থলবন্দরের শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, এ বন্দর দিয়ে ভারতে প্রতিদিন দেড় শতাধিক ট্রাকে পণ্য রপ্তানি করা হয়।