আখাউড়া স্থলবন্দরে শুল্কমুক্ত বিপণিকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আজ বৃহস্পতিবার শুল্কমুক্ত একটি বেসরকারি বিপণিকেন্দ্র উদ্বোধন করা হবে। স্থানীয় সাংসদ এবং আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক সকাল সাড়ে ১০টার দিকে এর উদ্বোধন করবেন।
আখাউড়া স্থলবন্দরের শুল্ক বিভাগ সূত্র জানায়, ২০০৯ সালে দেশের সব বিমান, স্থল ও সমুদ্রবন্দরে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতে শুল্কমুক্ত বিপণিকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়। ২০১১ সালে এটি কার্যকর হয়। বর্তমানে দেশের ২৩টি স্থলবন্দরের মধ্যে ১২টি স্থলবন্দর দিয়ে যাত্রী আসা-যাওয়া করে। এর মধ্যে বেনাপোল, সোনা মসজিদ, হিলি ও ভোমরা স্থলবন্দরে শুল্কমুক্ত বিপণিকেন্দ্র চালু হয়েছে। এর ধারাবাহিকতায় আজ আখাউড়ায় বেলাজিও নামের একটি বেসরকারি শুল্কমুক্ত বিপণিকেন্দ্রের যাত্রা শুরু হচ্ছে।
এ ব্যাপারে বেলাজিও লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা এম ফরিদ আহমেদ বলেন, বিপণিকেন্দ্রটিতে প্রসাধন, টয়লেট্রিজ, চকলেট, ইলেকট্রনিকস, মোবাইল ফোনসেট, তামাক পণ্য ও কনফেকশনারি সামগ্রী বিক্রি হবে। একজন যাত্রী সর্বোচ্চ ৪০০ ডলারের পর্যন্ত পণ্য কিনতে পারবেন। বাংলাদেশ ও ভারতীয় যাত্রীরা বিদেশ ভ্রমণের সময় এ সুযোগ পাবেন। পণ্য বিক্রি তদারক করবেন একজন শুল্ক কর্মকর্তা।